মনিরামপুরে কেটে ফেলা বাঁধ মেরামতের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের ভবদহসংলগ্ন মুক্তেশ্বরী নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে দেওয়ার তিন দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কে বা কারা মুক্তেশ্বরী নদীর পোড়াডাঙ্গা এলাকায় ১ নম্বর স্লুইসগেটের পূর্ব ও পশ্চিম পাশে বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুটি কেটে দেয়। এতে বোকড় বিলের প্রায় এক হাজার হেক্টর রোপা আউশ পানিতে তলিয়ে যায়। সরেজমিনে গতকাল সোমবার বেলা ১১টার দিকে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুটি প্রায় ছয়-সাত ফুট করে কাটা হয়েছে। এ স্থান দুটি দিয়ে বিলে পানি ঢুকছে। পোড়াডাঙ্গা গ্রামের চাষি নৃপেন সরকার (৫০) জানান, তাঁর তিন বিঘা জমির ধান পানিতে নষ্ট হয়ে গেছে। একই গ্রামের চাষি অসিত মণ্ডল (৩৫) বলেন, বাঁধ কাটার তিন দিন পার হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কৃষক অবদুল মতিন (৪০) বলেন, ‘বিলের পাশে কতিপয় ঘের-মালিক তাঁদের স্বার্থ হাসিল করতে আমাদের মত সাধারণ কৃষকের ধান পানিতে ভাসিয়ে দিয়েছেন।’ উপজেলা কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম সাহা বলেন, কে বা কারা বাঁধটি কেটে দেওয়ায় বোকড় বিলের আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাউবোর সেকশন অফিসার (এসও) বজলুর রহমান বলেন, ‘রোববার অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মনিরামপুর থানায় অভিযোগ দিয়েছি।’ যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘আমরা বাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছি। টাকা বরাদ্দ না পাওয়া পর্যন্ত কাজ করতে পারব না। তবে ধারণা করা হচ্ছে, কতিপয় মৎস্যচাষি তাঁদের স্বার্থ হাসিলের জন্য বাঁধটি কেটে দিয়েছেন।’