মনিরামপুরে কেটে ফেলা বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওপর নির্ভর না করে যশোরের মনিরামপুরে ভবদহসংলগ্ন মুক্তেশ্বরী নদীর দুই পাশে কেটে ফেলা বন্যানিয়ন্ত্রণ বাঁধটি এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকেরা গতকাল বুধবার স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন।এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে কে বা কারা মুক্তেশ্বরী নদীর পোড়াডাঙ্গা এলাকায় ১ নম্বর স্লুইসগেটের পূর্ব ও পশ্চিম পাশে বন্যানিয়ন্ত্রণ বাঁধ দুটির কিছু অংশ (ছয় থেকে সাত ফুট) কেটে দেয়। এতে বোকড় বিলের প্রায় এক হাজার হেক্টর রোপা আউশ পানিতে তলিয়ে যায়। গতকাল পোড়াডাঙ্গা ও লখাইডাঙ্গা গ্রামের কৃষকেরা বাঁধটি মেরামত করেন।সরেজমিনে গতকাল সকাল ১০টার দিকে দেখা যায়, এলাকার নৃপেন মণ্ডল ও অসিত মণ্ডলের নেতৃত্বে শতাধিক মানুষ ঝুড়ি-কোদাল নিয়ে কেটে ফেলা বাঁধ দুটি মেরামত করছেন। পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘সরকারি কোনো কাজ তাৎক্ষণিক করা সম্ভব নয়। কেটে ফেলা বাঁধটি মেরামতের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে লিখেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাইনি।’