মনিরামপুরে গৃহবধূ হত্যার ৪১ দিন পর মামলা
যশোরের মনিরামপুরের হোগলাডাঙ্গা গ্রামের গৃহবধূ নাজমা খাতুন (২৫) খুন হওয়ার ৪১ দিন পর পুলিশ মঙ্গলবার রাতে মামলা রেকর্ড করেছে। নাজমা খাতুনের মা মেহেরুন্নেছা বাদী হয়ে নাজমার স্বামী হাসান গাজীকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।অন্য আসামিরা হলেন নাজমা খাতুনের শ্বশুর হজরত আলী, শাশুড়ি আছিয়া ও প্রতিবেশী রবিউল।এলাকাবাসী, পুলিশ ও পরিবার জানায়, যৌতুকের দাবিতে স্বামী হাসান গাজী ও তাঁর মা আছিয়া খাতুন ১ জুন নাজমাকে ঘরে আটকে বেদম মারধর করেন। একপর্যায়ে নাজমা মারা যান। ঘটনার পর হাসান পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। নাজমা খাতুনের ভাই নবিরুজ্জামান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। কিন্তু পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা করে।পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন পেয়ে মঙ্গলবার রাতে হত্যা মামলা তালিকাভুক্ত করে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আঘাত করে নাজমার কাঁধের হাড় ভেঙে দেওয়ায় তাঁর মৃত্যু হয়।