মনিরামপুরে চার পুলিশ গণপিটুনির শিকার
যশোরের মনিরামপুর উপজেলার কোনাখোলা বাজার থেকে গত শুক্রবার একজনকে আটক করে থানায় নেওয়ার সময় পুলিশের চার সদস্য গণপিটুনির শিকার হয়েছেন। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার ওই ঘটনায় মনিরামপুর থানার এসআই শেখ তানজিম ৫৩ জনের নামে মামলা করেছেন। দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কোনাখোলা গ্রামের আবদুল খালেক (৪৫) ও শ্যামনগর গ্রামের আবদুল গফুর (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এএসআই তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের চার সদস্যের একটি দল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শরিফুল ইসলামকে ধরতে কোনাখোলা বাজারে যায়। এ সময় শরিফুলকে না পেয়ে পুলিশ তাঁর ভাই দবির হোসেনকে (৪৫) আটক করে। এ সময় দবির তাঁর অপরাধ জানতে চাইলে তৌহিদুর তাঁকে থাপড় মারেন। এতে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হলে পুলিশের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকজন পুলিশ সদস্যদের পিটুনি দিয়ে দবিরকে ছিনিয়ে নেন। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে চার সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই তৌহিদুর, কনস্টেবল আবদুল মান্নান, নজরুল ইসলাম ও ইদ্রিস আলী।
স্থানীয় তিন বাসিন্দা বলেন, কোনাখোলা বাজারে দবির হোসেনের কাপড়ের দোকান আছে। ওই দোকান থেকে তাঁকে আটক করে পুলিশ। তিনি বিএনপির সমর্থক। তাঁর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা নেই। তার পরও তাঁকে আটক করায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পুলিশ সদস্যদের পিটুনি দিয়ে দবিরকে ছিনিয়ে নেয়।
মনিরামপুর থানার ওসি খবির আহমেদ বলেন, দবিরের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে তাঁর ভাই শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দবিরকে আটক করা হয়েছিল।