মনিরামপুরে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদলাপাড়া এলাকায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলছাত্রের নাম শাকিল হোসেন (১২)। সে উপজেলার কোদলাপাড়া গ্রামের চা দোকানদার মিজানুর রহমানের ছেলে। খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল শাকিল।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকচালক সুনিল মণ্ডলকে (৪৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আটক সুনিলের বাড়ি যশোরের রাজারহাট এলাকায়। তিনি নিজেই ট্রাকটির মালিক। ট্রাকটি কেনার পর আজই প্রথম তিনি ভাড়ায় ট্রাকটি চালাচ্ছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, এক বন্ধুর সাইকেলে চড়ে রাজগঞ্জ-পুলেরহাট সড়ক দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল শাকিল হোসেন। দুই বন্ধু কোদলাপাড়া এলাকার ঝাউতলা মোড়ের কাছে পৌঁছালে ধানবোঝাই একটি ট্রাক পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাকিল সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তাপস রায় বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ট্রাক ও ট্রাকচালক আমাদের হেফাজতে রয়েছে।’