মনিরামপুরে ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত চার শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের বিভিন্ন এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে এ রোগে একজন মারা গেছে এবং চার শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে।জানা গেছে, উপজেলার কদমবাড়িয়া, পোড়াডাঙ্গা, জয়পুর, বাহিরঘরিয়া, বাকোশপোল, মাছনা, ভবানীপুরসহ প্রায় ১৫টি গ্রামে হঠাৎ করে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কদমবাড়িয়া গ্রামে ডায়রিয়ার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ইসলাম আলী জানান, রোববার পর্যন্ত কদমবাড়িয়া গ্রামের শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। যোগীপোল গ্রামের ব্যবসায়ী শামছুজ্জামান ওরফে শান্ত জানান, শুধু কদমবাড়িয়া গ্রামেই প্রায় দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার কদমবাড়িয়া গ্রামের মোহাম্মদ মিয়া ব্যাপারীর স্ত্রী আম্বিয়া বেগম (৮২) মারা গেছেন।রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৩১ শয্যার হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা শয্যা না পেয়ে ওয়ার্ডের মেঝে ও খোলা ছাদে চিকিৎসা নিচ্ছে। পোড়াডাঙ্গা গ্রামের আবদুুল মজিদ (৩০) ও নাজমা বেগম (২০), জয়পুর গ্রামের মুসলিমা খাতুন (৯ মাস), বাহিরঘরিয়া গ্রামের ইতি (৭) ও মুরাদ (১০), ভবানীপুর গ্রামের ফরিদা (২৫), ইউসুফ (২৮) ও আবু তালেব (৬), মাছনা গ্রামের শিরিনা (২০) ও হাবিবা (৪০), বিজয়রামপুর গ্রামের করিম (৪৫), মোহনপুর গ্রামের স্বপ্না (১৮), কদমবাড়িয়া গ্রামের শাহ আলম (১৫), মনির (২০), ছালমা (১৩) ও মারুফ (৯), বাকোশপোল গ্রামের লিটন (২৫) এবং হালসা গ্রামের পান্নুসহ প্রায় ৩০ জন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং প্রায় শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।কদমবাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৫৫) জানান, গত তিন দিনের ব্যবধানে তাঁর পরিবারের প্রায় সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কালাম আজাদ ডায়রিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে বলেন, ‘শুধু কদমবাড়িয়া গ্রামের পরিস্থিতি একটু খারাপ। আমি সেখানে একটি চিকিৎসকদল পাঠিয়েছি।’ তিনি আরও বলেন, অসচেতনতার কারণে স্বাস্থ্যসম্মত পায়খানার নিচের অংশ ভেঙে (ওয়াটার সেল) যাওয়ায় মলমূত্র বাইরে চলে আসছে। এ কারণে জীবাণু বাইরে ছড়াচ্ছে। একই সঙ্গে তীব্র দাবদাহে মানুষের শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে।সিভিল সার্জন সালাহউদ্দীন খান বলেন, ‘ডায়রিয়ায় একজন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য খাওয়ার স্যালাইনসহ অন্যান্য ওষুধের পর্যাপ্ত মজুদ রয়েছে।’