মনিরামপুরে তরুণকে কুপিয়ে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সাতনল বাজারে গতকাল সোমবার হাফিজুর রহমান (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি উপজেলার মাছনা-খানপুর গ্রামের শহর আলীর ছেলে।
এর জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে রাসেল (২২) নামে এক তরুণ গুরুতর জখম হয়েছেন। রাসেল খানপুর গ্রামের ইরফান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় রহিম ও তৌহিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
মাস তিনেক আগে রহিমের লোকজন তৌহিদকে মারধর করে। এ ঘটনায় রহিমকে আসামি করে মনিরামপুর থানায় একটি মামলা করা হয়।
গতকাল বিকেল চারটার দিকে তৌহিদের লোকজন রহিমের ভাই হাফিজুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রহিমের লোকজন হামলা চালিয়ে তৌহিদের পক্ষের রাসেলকে পিটিয়ে আহত করে।
আহত দুজনকে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে হাফিজুরকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল করিম বলেন, রহিম ও তৌহিদ দুজনই ভারতে ছিলেন।
সেখানেই তাঁদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এলাকায় ফেরার পর প্রায়ই তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। সেই বিরোধের জের ধরে হাফিজুর খুন হয়েছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি। মামলার প্রস্তুতি চলছে।