মনিরামপুরে নদীতে পাট জাগ, মরে গেছে অসংখ্য মাছ
যশোরের মনিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদীতে ব্যাপক হারে পাট জাগ দেওয়া হয়েছে। এ কারণে নদীটির পানি দূষিত হয়ে পড়েছে। মরে গেছে অসংখ্য মাছ।
মৎস্য কর্মকর্তারা বলছেন, পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকে। এই অক্সিজেন নিয়ে মাছ শ্বাসকার্য চালায়। জাগ দেওয়া পাট পচে নানা রকম গ্যাসের সৃষ্টি হয়। এসব গ্যাস পানিতে দ্রবীভূত অক্সিজেন চুষে নেয়। এ কারণে মাছের স্বাভাবিক শ্বাসকার্য ব্যাহত হয় এবং মাছ মরে ভেসে ওঠে।
সরেজমিনে দেখা গেছে, মুক্তেশ্বরী নদীতে উপজেলার ঢাকুরিয়া থেকে নেবুগাতী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে ভাসছে পাটের অসংখ্য স্তূপ। জাগ দেওয়া পাট পচে নদীর পানি নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। মরে গেছে কই, পুঁটি, টেংরা, শিংসহ দেশীয় প্রজাতির অসংখ্য মাছ।
পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুক্তেশ্বরী নদীর দুই পারে বিপুল পরিমাণ জমিতে পাটের আবাদ হয়। এই পাট কাটার পর তাঁরা মুক্তেশ্বরী নদীতে জাগ দেন। তা ছাড়া এবার পাট কাটা মৌসুমের শুরুতে বৃষ্টি কম হয়েছে। ফলে পানির অভাবে পাট জাগ দিতে না পেরে উপজেলার বিভিন্ন এলাকার পাটচাষিরা মুক্তেশ্বরী নদীতে পাট জাগ দিয়েছেন।
কুমারসীমা গ্রামের পাটচাষি রমেশ চন্দ্র রায় (৬০) বলেন, ‘নদীর পারের জমিতে পাট চাষ করি। জলের অভাবে অন্যত্র পাট জাগ দেওয়ায় খুব সমস্যা হয়। এ জন্য নদীতে পাট জাগ দিই।’ হরিদাসকাঠি গ্রামের পাটচাষি রিপন রায় (২৫) বলেন, ‘এবার বিভিন্ন এলাকা থেকে চাষিরা পাট এনে নদীতে জাগ দিচ্ছে। এতে নদীর বেশি সমস্যা হচ্ছে।’ কুচলিয়া গ্রামের অনিক বিশ্বাস (২০) বলেন, ‘আমরা সারা বছর নদীতে গোসল করি। কিন্তু পানি নষ্ট হয়ে যাওয়ায় আমরা নদীতে গোসল করা বন্ধ করে দিয়েছি।’
উপজেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান জানান, রিবন রেটিং পদ্ধতিতে পাটজাগ খুব কার্যকর একটি পদ্ধতি। কিন্তু পাটচাষিরা সেটা গ্রহণ করছেন না; নদীতে পাট জাগ দিচ্ছেন। এ কারণে পাট পচে পানিতে দ্রবীভূত অক্সিজেন চুষে নিচ্ছে। দূষিত হয়ে পড়ছে পানি। শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় মাছ মরে যাচ্ছে। তিনি বলেন, ‘বৃষ্টিপাত বেশি হলে নদীর পানি ব্যবহারের উপযোগী হবে। তার পরও নদীতে যাতে পাট জাগ না দেওয়া হয়, সে জন্য এলাকার পাটচাষি ও জনপ্রতিনিধিদের সচেতন করার জন্য আমরা উদ্যোগ নেব।’