মনিরামপুরে বেপরোয়া জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার সুযোগে হরতাল-অবরোধে জামায়াত-শিবিরের কর্মীরা বেপরোয়া হয়ে ওঠেন যশোরের মনিরামপুরে। তাঁরা হেলমেট ও কালো কাপড় বেঁধে তাণ্ডব চালান। স্থানভেদে তাঁদের সঙ্গে যোগ দেন বিএনপির নেতা-কর্মীরাও। সহিংস কর্মকাণ্ডে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলাটি। এতে জিম্মি হয়ে পড়েন সাধারণ মানুষ।
হরতাল ও অবরোধে বিপজ্জনক হয়ে ওঠে ২০-২২টি এলাকা। এর মধ্যে চালকিডাঙ্গা, বেগারীতলা, জয়পুর, গোপালপুর ও নেংগুড়াহাটের অবস্থা সবচেয়ে খারাপ। জামায়াত-শিবির বহিরাগতদের নিয়ে হামলা করে। এ পর্যন্ত আওয়ামী লীগের দুই শতাধিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়েছে। তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, ভয়ে-আতঙ্কে অনেকে এলাকা ছেড়েছেন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ভয়ে অনেক গ্রামে সংখ্যালঘুরা মিলে রাত জেগে পাহারা দিচ্ছেন।
অবরোধের সময় সড়কের পাশের সরকারি গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের কর্মীরা। সাধারণ লোকজনকে উপজেলা সদরে যেতে বাধা দেন এবং ভাঙচুর করেন সব ধরনের যানবাহন।
নাম প্রকাশ না করার শর্তে একজন কলেজ শিক্ষক বলেন, ‘মোটরসাইকেলে কলেজে যাতায়াত করি। কিন্তু হরতাল-অবরোধে জামায়াত-বিএনপি মোটরসাইকেল তো দূরের কথা, বাইসাইকেল এমনকি হেঁটে পর্যন্ত যেতে দেয় না।’
১৮ দলের অবরোধ চলাকালে গত ৩০ নভেম্বর চালকিডাঙ্গায় যশোর-সাতক্ষীরা সড়কের ওপর অবরোধকারীদের ফেলে রাখা গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি সরানোর সময় জামায়াত-শিবিরের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনসহ ২০ জন আহত হন। হামলা থেকে কোনো রকমে রক্ষা পান সরকারদলীয় সাংসদ (যশোর-৫, মনিরামপুর) খান টিপু সুলতান। গত ২৫ অক্টোবর দুর্গাপুর এলাকায় হামলা চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন তাঁরা।
ঘটনার সূত্রপাত গত ২২ মার্চ। ওই দিন ভোরে হত্যা মামলার আসামি ধরতে পুলিশ জয়পুর গ্রামে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের উসকানিতে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইটভাটার শ্রমিক আনিছুর রহমান (২২) নিহত হন। আনিছুরকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত। পুলিশ চলে যাওয়ার পরপরই সকাল সাতটার দিকে চার শতাধিক জামায়াত-শিবিরের কর্মী লোহার পাইপ, শাবল, কুড়াল, লোহার রড ও লাঠি এবং পেট্রলভর্তি বোতল ও দাহ্য পদার্থ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের কমপক্ষে ৭১টি বাড়িতে হামলা চালান। ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পিটিয়ে জখম করা হয় কয়েকজনকে।
উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে বিএনপি-সমর্থিত ১২ জন, আওয়ামী লীগের তিনজন এবং জামায়াতের দুজন চেয়ারম্যান রয়েছেন। দ্বিধাবিভক্ত উপজেলা আওয়ামী লীগের একটি ধারার নেতৃত্বে আছেন বর্তমান সাংসদ খান টিপু সুলতান। অন্য ধারায় রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য স্বপন ভট্টাচার্য। দুজনই দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। খান টিপু সুলতান দলীয় মনোনয়ন নিয়ে এবং স্বপন ভট্টাচার্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। একটি ধারার নেতাদের আশকারা পেয়ে জামায়াত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে বলে অপর ধারার নেতারা অভিযোগ করেছেন।
জামায়াত-শিবিরের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অসিত কুমার মজুমদার, শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ইউনুস আলী, ঢাকুরিয়া বাজার বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার কুণ্ডু, আওয়ামী লীগের কর্মী নাজমুল ইসলাম, সনৎ মণ্ডল, আহাদ আলীসহ দুই শতাধিক নেতা-কর্মী ও সমর্থক এবং সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে মনিরামপুরে জামায়াত-শিবির সহিংস হয়ে উঠতে থাকে। অভ্যন্তরীণ দ্বন্দ্বে আওয়ামী লীগের একটি পক্ষ তাঁদের আশকারা দিয়েছে।
খান টিপু সুলতান বলেন, ভোজগাতী ইউনিয়নের চারটি গ্রামে জামায়াত-শিবির শক্তিশালী। পাশের চালকিডাঙ্গা ও বেগারীতলায় তারা সহিংস কর্মকাণ্ড চালায়।
তবে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয় বলে মনে করছেন স্বপন কুমার ভট্টাচার্য। তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, নেতা-কর্মীদের ধারাবাহিক অবমূল্যায়ন এবং বঞ্চনার কারণে এখানে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে। এই সুযোগে বাইরের লোক এনে জামায়াত-শিবির হামলা চালাচ্ছে।
মনিরামপুর থানার ওসি মীর রেজাউল হোসেন বলেন, জামায়াত-বিএনপি সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। তবে এখন অবস্থা অনেকটা ভালো।