যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচনে জোটগত বিভক্তির কারণে খেসারত দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ১৯-দলীয় জোটের অমিলের কারণে চেয়ারম্যান পদে জিততে পারেননি দুই দলের সমর্থিত প্রার্থীরা। আর বিদ্রোহী প্রার্থী থাকায় ভাইস চেয়ারম্যান পদে হারতে হয়েছে আওয়ামী লীগকে।
তবে বিএনপির একটি অংশ মনে করছে, জেলার রাজনীতিতে তাদের দলকে কোণঠাসা করতে ভোটের লড়াইয়ে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের একটি অঘোষিত সমঝোতা হয়েছে। এ কারণে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে জামায়াত-সমর্থিত ফজলুল হক জয় পেয়েছেন।
এলাকার লোকজন মনে করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ভোটে যশোর-৫ (মনিরামপুর) আসনে জয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বপন ভট্টাচার্য। নির্বাচনপূর্ব সহিংসতায় আটক নেতা-কর্মীদের মুক্তি ও আওয়ামী লীগকে ঠেকাতে তাঁরা তাঁদের আদর্শের বিপরীতে ভোট দেন। যে কারণে উপজেলা নির্বাচনে জামায়াত স্বপন ভট্টাচার্যের সমর্থন আশা করে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
মনিরামপুরে ১৫ মার্চের উপজেলা নির্বাচনে গোলযোগের কারণে ১২২টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত আমজাদ হোসেন পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট, দ্বিতীয় স্থানে থাকা জামায়াতের গাজী এনামুল হক পেয়েছেন ৮১ হাজার ৭৮৬ ভোট এবং বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম মশিউর রহমান পেয়েছেন ১৫ হাজার ২৮২ ভোট।
বিএনপির পরাজিত প্রার্থী এস এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘জামায়াতের এত ভোট এল কোথা থেকে! এক ঘণ্টার মধ্যেই তো ভোট শেষ। ৭০টি কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী আমজাদ হোসেন বলেন, বিএনপির লোকজন জামায়াতের সঙ্গে মিশে গেছে। যে কারণে শেষ পর্যন্ত ভোট হয়েছে দ্বিমুখী। ফলে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫৫ হাজার ৪৩৪ ভোট পেয়েও জামায়াতের ফজলুল হকের কাছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম এ হালিম ১৮ হাজার ভোটে হেরেছেন। কিন্তু বিদ্রোহী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মিকাইল হোসেন পেয়েছেন ২৪ হাজার ৬৭৬ ভোট। এই পদে ১৯-দলীয় জোটেও ছিল অমিল। বিএনপির প্রার্থী আসাদুজ্জামানের ঘরেও গেছে ২৪ হাজার ৭৬৯ ভোট। পরাজিত প্রার্থী এম এ হালিম প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ কথা রাখেনি।’