মনিরামপুরে মাদক ও জঙ্গিবিরোধী গণমিছিল
যশোরের মনিরামপুর উপজেলা সদরে গতকাল সোমবার মাদক ও জঙ্গিবাদবিরোধী গণমিছিল ও সমাবেশ হয়েছে। মনিরামপুর থানার পুলিশের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
‘মাদক, জঙ্গি প্রতিকার—বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ স্লোগানে দুপুরে মনিরামপুর পৌরসভার ফটক থেকে গণমিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে সেটি শেষ হয়।
পরে পৌরসভা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও মনিরামপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যশোরের সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) জামাল আল নাসের, জেলা পরিবহন শ্রমিক লীগের সহসভাপতি বাবুল করিম, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবকুমার নাথ, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইমাউল হক, মনিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা গণমিছিল ও সমাবেশে অংশ নেন।