মনিরামপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম আসলাম গাইন (৪৫)। তাঁর বাড়ি মনিরামপুর উপজেলার হরেরগাতী গ্রামে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার সিংহ জানান, স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ২০০১ সালে দায়ের করা মামলায় ২০০৪ সালের ৯ অক্টোবর যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসলাম গাইনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানাও করেন। এরপর আসলাম গাইন কৌশলে পালিয়ে ভারতে চলে যান। বছর দু-এক আগে তিনি আবার দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি যশোর শহরের চাঁচড়ায় থাকতেন এবং এখানেই রিকশা চালাতেন। চাঁচড়াতেও তাঁকে ধরতে দুই দফা অভিযান চালায় পুলিশ। এরপরও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। আজ বৃহস্পতিবার সকালে বর্তমান স্ত্রীকে ডাক্তার দেখাতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখান থেকে বেলা ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

তপন কুমার সিংহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরেই তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।