মনিরামপুরে যৌথ বাহিনীর অভিযান, ১০ জন গ্রেপ্তার

যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকায় গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা আশপাশের তিনটি গ্রামের অন্তত ৫০ বাড়ির আসবাব ভাঙচুর ও তছনছ করেছেন বলে অভিযোগ উঠেছে।
২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের (হাকিম) নেতৃত্বে ২৯০ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন প্রথম আলোকে বলেন, গত শনিবার দুপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের কাজে বাধাদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে মনিরামপুর থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। ওই আসামিদের গ্রেপ্তারের জন্যই এ অভিযান চালানো হয়।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, যশোর-সাতক্ষীরা সড়কের কুয়াদা, বেগারিতলা, জালঝাড়া ও চালকিডাঙ্গা বাজারে সুনসান নীরবতা। সড়কে তেমন লোকজন নেই। মানুষ আতঙ্কিত। গোটা এলাকা পুরুষশূন্য। চালকিডাঙ্গা বাজারের কয়েকটি চায়ের দোকান ও মুদিদোকানের সামনের বেঞ্চ ও দরজা ভাঙা।
তবে ২৬ বিজিবির অধিনায়ক মতিউর রহমান বলেন, ‘কারও বাড়িতে ভাঙচুর চালানো হয়নি। অনেক লোকজনের উপস্থিতির কারণে হয়তো একটু তছনছ হতে পারে। আন্দোলন-সংগ্রামের নামে আমাদের নিয়মিত কাজে বাধা দিলে তার সমুচিত জবাব দেওয়া হবে।’