মনিরামপুরে সেতু থেকে পড়ে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার হরিহর নদের ওপর নির্মিত কাঠের ভাঙা সেতু থেকে পড়ে মোহাম্মদ আলী মোড়ল (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত মঙ্গলবার ভ্যানে করে সেতুটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক রমেশ পাল আহত হন।
মোহাম্মদ আলীর বাড়ি উপজেলার মুজগুন্নী গ্রামে।
সেতুটির অবস্থান উপজেলার নাগরঘোপ গ্রামে। সেতুটির পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, সকাল নয়টার দিকে ভ্যানে করে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। ভ্যানটি সেতুর ওপর উঠলে চাকা পিছলে চালকসহ ভ্যানটি নিচে পড়ে যায়। ওই সময় মোহাম্মদ আলীর পিঠে লোহার একটি রড ঢুকে যায়। এ সময় ভ্যানচালক রমেশ পাল (২৮) আহত হন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এই নিয়ে গত ১০ বছরে এই সেতু থেকে পড়ে অন্তত চারজন মারা গেলেন।
নাগরঘোপ ও মুজগুন্নী গ্রামের কয়েকজন বলেন, মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন ও কেশবপুর উপজেলার পাঁজিয়া, কেশবপুর সদর ও ভেরচি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এ সেতু দিয়ে মনিরামপুর সদর ও যশোর জেলা সদরে যাতায়াত করে। ১৯৯৬ সালে সেতুতে ভাঙন শুরু হয়। ২০০৬ সালে সেটি পুরোপুরি নদে ধসে পড়ে। এরপর কলাগাছের ভেলা ও বাঁশের তৈরি একটি সাঁকোই ছিল এলাকাবাসীর ভরসা। ২০১৪ সালে উপজেলা পরিষদের উদ্যোগে সেখানে কাঠের সেতু তৈরি করা হয়। কিন্তু সেটিও এখন বেহাল। ভাঙা সেতু থেকে পড়ে গত ১০ বছরে মারা গেছেন অন্তত চারজন। আহত হয়েছে ৫০ জনের বেশি। এর মধ্যে কয়েকজন পঙ্গু হয়ে গেছেন।
গত ৩ আগস্ট প্রথম আলোতে সেতুটি নিয়ে ‘আল্লাহর নাম নিয়ে সেতুতে উঠি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।