মনিরামপুরে সড়কের গাছ কেটে নিচ্ছে চোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে একটি চোরচক্র বিভিন্ন সড়কের পাশের সরকারি গাছ কেটে সাবাড় করছে। এই চক্রটি চলতি মাসে বিভিন্ন সড়ক থেকে ৩০টি গাছ কেটে নিয়ে গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসী ১৫ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এলাকাবাসীর আবেদন ও পুলিশ সূত্রে জানা গেছে, চোরচক্র গত ১৫ দিনের ব্যবধানে উপজেলার চালকিডাঙ্গা-কালারহাট, মোহনপুর-নেহালপুর, তাহেরপুর-রাজগঞ্জ, আকরাম মোড়-খেদাপাড়া, মনিরামপুর-রোহিতা, আমিনপুর-ফকিররাস্তা, চিনাটোলা-নেঙ্গুড়াহাট সড়কের পাশ থেকে বিভিন্ন জাতের অন্তত ৩০টি গাছ কেটে নিয়েছে; যার মূল্য প্রায় সাত লাখ টাকা। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আমরা পদক্ষেপ নিই।’ উপজেলা বন কর্মকর্তা আবদুল খালেক বলেন, ‘আজ পর্যন্ত কেউ আমার কাছে লিখিত অভিযোগ দেয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘আমি এখানে যোগদানের পর অভিযোগ পেয়ে গত ১৫ দিনে উপজেলার রোহিতা, শয়লা ও গৌরীপুরে অভিযান চালিয়ে গাছ কাটা বন্ধ করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি।’