মনিরামপুরে ২০ লাখ টাকার মাছ লুট!
যশোরের মনিরামপুরের ঝাঁপা বাঁওড় থেকে গত পরশু শুক্র ও গতকাল শনিবার একদল দুর্বৃত্ত প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে। ইজারাগ্রহীতাদের পক্ষ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেমবাগ মৎস্যজীবী সমবায় সমিতি বাংলা ১৪১৫ থেকে ১৪১৭ সাল পর্যন্ত ঝাঁপা বাঁওড়টি ইজারা নেয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় একটি চক্র ওই বাঁওড় থেকে গত পরশু শুক্র ও গতকাল শনিবার মাছ লুট করে নিয়ে গেছে। বাঁওড় কমিটির অন্যতম সদস্য এনামুল হক জানান, বাঁওড় লুটের সঙ্গে জড়িত স্থানীয় ৫০ জনের নামে থানায় গতকাল অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাঁওড় কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দাবি করে বলেন, দুর্বৃত্তরা গত দুই দিনে প্রায় ২০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছে।স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের উপসহকারী পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘প্রকৃত মালিকেরা যাতে মাছ ধরতে পারে, সে ব্যাপারে আমরা চেষ্টা করছি।’ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘ইজারাগ্রহীতাদের পক্ষ থেকে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’