মনিরামপুরে ৬০ কেন্দ্রে ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়রামপুর ভোটকেন্দ্রে যখন নির্বাচন ভন্ডুলের তাণ্ডব চলছে, তখন কেন্দ্র থেকে মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে তা দেখছিলেন নিতাই পাল। ভোট দিয়েছেন কি না জানতে চাইলে বললেন, ‘ভোট?’ তারপর যেন বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি। চোখে নেই কোনো অভিব্যক্তি।
জানা গেল, ভোট দেননি নিতাই পাল। অথচ ভোটকেন্দ্রের সবচেয়ে কাছের বাড়িটি তাঁর। ভোটের আগের দিন শনিবার রাত নয়টায় হামলা হয়েছিল তাঁর বাড়িতে। আগুনে পুড়েছে নিতাই পালের গোয়ালঘর ও গবাদিপশু।
গতকাল রোববার নির্বাচন শুরু হওয়ার চার ঘণ্টা পর দুপুর ১২টায় মনিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাশকতা চলছে খবর পেয়ে আমরা কয়েকজন সাংবাদিক সেখানে যাই।
কেন্দ্রে পৌঁছার আগেই গাড়ি থেকে নেমে যেতে হলো। রাস্তার ওপরে আগুন দিয়েছে নির্বাচনবিরোধীরা এবং কেউ যেন তা নেভাতে না পারে সে জন্য পাহারায় রয়েছে জনা পঞ্চাশেক মানুষ।
কেন্দ্রে গিয়ে দেখা গেল, কেন্দ্রটি দখল করে রেখেছেন জামায়াত-বিএনপির কয়েক শ নেতা-কর্মী। নির্বাচনের সরঞ্জাম ধ্বংস করে দিয়ে বিজয় মিছিল করলেন ভোটবিরোধীরা।
প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালানো হলেও উপজেলা কার্যালয় থেকে মাত্র তিন কিলোমিটার দূরের ওই কেন্দ্রে আসেনি বিজিবি ও র‌্যাবের কোনো টহল দল।
নজিরবিহীন সহিংসতা সৃষ্টির মাধ্যমে এ আসনের ১২২টি কেন্দ্রের ৬০টিতে নির্বাচন স্থগিত করতে বাধ্য করা হয়েছে।
ব্যাপক তাণ্ডব, সংঘর্ষ, বোমাবাজি, বিক্ষিপ্ত গোলাগুলি, ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে পুড়িয়ে দেওয়া, ভোট বাক্স ভেঙে ফেলা, ভোটারদের ভোট দানে বাধা-মারধর এবং নির্বাচনী কর্মকর্তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার মতো ঘটনা ঘটেছে। যৌথ বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে।
বেলা তিনটায় বাজিতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচনবিরোধীদের সংঘর্ষে মতিয়ার রহমান (২৮) নামের জামায়াতের এক কর্মী মারা গেছেন। এ খবর নিশ্চিত করেছে দুর্বাডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার বাহাদুর আলী। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। অন্তত ৬৫টি ভোটকেন্দ্রে ভোট বাক্স ও ব্যালট পেপারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। যশোরের অন্য তিনটি নির্বাচনী এলাকায় বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা পৌরসভার উপকণ্ঠের গ্রাম লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল আটটা ৫০ মিনিটে সেখানকার দুই হাজার ৬৪৫ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৮ জন। ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই হাজার ৪০০ ভোটারের মধ্যে প্রথম এক ঘণ্টায় ২৯৪ জন ভোট দেন। এটি স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের নিজের গ্রামের একটি কেন্দ্র। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম।
হাজরাকাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখা গেল। বিদ্যালয় ভবনটির জানালা-দরজা ভাঙা। পড়ে আছে ভাঙা ব্যালট বাক্স, আগুনে অর্ধপোড়া ব্যালট পেপার।
মাথায় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সরদার তারিকুল ইসলাম জানান, সকাল সোয়া আটটার দিকে কয়েক শ লোক চারদিক দিয়ে কেন্দ্রটি ঘিরে ফেলে। এরপর ৪০-৫০ জনের মতো সশস্ত্র লোক ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে।
বিকেল চারটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, ৪৬টি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ করতে না পারার বিষয়টি তাঁকে অবগত করেছেন।
নিরাপত্তাহীনতার কারণে ভোট দিতে যাননি সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য।
দুপুর পৌনে দুইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোয় বসে তিনি সংবাদমাধ্যমকে এ কথা বলেন। আওয়ামী লীগের প্রার্থী খান টিপু সুলতান এবং স্বতন্ত্র প্রার্থী স্বপন ভট্টাচার্য মনিরামপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকেই দায়ী করেছেন।
অভয়নগর প্রতিনিধি মাসুদ আলম জানান, সহিংসতা, বোমাবাজি ও যৌথ বাহিনীর গুলিবর্ষণের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর-৪ দশম জাতীয় সংসদ নির্বাচন।