মনিরামপুরের ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

‘ঋষিপল্লিতে হামলা পরিকল্পিত, ধর্ষণের কথা স্বীকার’ শিরোনামে আজ রোববার প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ঋষি সম্প্রদায়কে নিয়ে ওসির বর্ণবিদ্বেষপূর্ণ মন্তব্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র জানিয়েছেন। তিনি জানান, ওসিকে তাত্ক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে পদায়ন করা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত করা হবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দিতে না যাওয়ার পরও ভোট দেওয়ার ‘অপরাধে’ ঋষিপল্লিতে হামলা হয়েছিল। এতে দুই নারী গণধর্ষণের শিকার হন। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাইল গ্রামে ঋষিপল্লিতে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মফিজ গাজী ও সাহাবুদ্দিন শিহাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য পাওয়া গেছে। এলাকায় তাঁরা দুজন বিএনপির সমর্থক বলে পরিচিত।

এই দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন ঋষিপল্লিতে আদৌ কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘ওরা সবকিছু বাড়াইয়া বলে, ঋষি সম্প্রদায় যেখানে যে ঘটনা ঘটে, সেটাকেই তিল থেকে তাল করে বলে।’ তিনি বলেন, ‘একটি রাজনৈতিক অঙ্গন থেকে ওদের বলা হয়েছে, এ জিনিসটা হইলে এখানে প্রচুর টাকা আসবে, টিনের ঘর আসবে, অমুক-তমুক পাবে।’

এদিকে ওসির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ দলিত পরিষদ এক বিবৃতি দিয়েছে। আজ সংগঠনটির পক্ষে সভাপতি উদয় দাস ও সাধারণ সম্পাদক অশোক দাস স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়, এর আগে এই ওসির মদদে ২০১০ সালের ১৬ নভেম্বর যশোরের কেশবপুরের মজিদপুর ঋষিপল্লিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ঋষিদের উচ্ছেদ করা হয়। এরপর আবার ২০১১ সালের ২০ অক্টোবর কেশবপুর উপজেলার ভাল্লুকঘর শ্মশানে ঋষি সম্প্রদায়ের আনন্দ দাসের মৃতদেহ দাহ করতে বাধা দেওয়া হলেও ওসি রেজাউল কোনো ব্যবস্থা নেননি। বরং ওই ঘটনায় ঋষিদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতেও প্রেরণ করেছিলেন তিনি।

ওসি মীর রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে যশোর শহরের দড়াটানা মোড়ের ভৈরব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক বিভূতোষ রায় বলেন, পুলিশ প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে ওসি রেজাউল ঋষি সম্প্রদায়ের ধর্ষিত নারীদের নিয়ে যে ঘৃণ্য মন্তব্য করেছেন, তা ওই নারীদের দ্বিতীয়বার ধর্ষণ করার শামিল।