মনিরুজ্জামান মিঞা চিরনিদ্রায় শায়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম মনিরুজ্জামান মিঞাকে গতকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।
মনিরুজ্জামান মিঞার ভাই এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, হাসপাতালের হিমঘর থেকে গতকাল সকালে মনিরুজ্জামান মিঞার মরদেহ বনানীর বাসায় নেওয়া হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে। সেখানে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে গুলশানের আজাদ মসজিদে তৃতীয় জানাজার পর ইফতারের আগে মনিরুজ্জামান মিঞাকে বনানীতে তাঁর বাবার কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাবেক উপাচার্যের প্রতি সম্মান প্রদর্শনের নিদর্শন হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তবে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত মনিরুজ্জামান মিঞা ১৯৯০ সালের মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। পরে বিএনপি সরকারের সময় তাঁকে সেনেগালের রাষ্ট্রদূত করা হয়। এ ছাড়া তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।