মনিরুজ্জামানের আয় দুই লাখ, জাকাত দেন ৪০ হাজার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম আয় মো. মনিরুজ্জামানের। হলফনামায় দেওয়া তথ্য অনুসারে তাঁর বছরে আয় দুই লাখ টাকা। এই আয় থেকে ৪০ হাজার টাকা তিনি জাকাত দেন।

মেয়র পদে বিএনপির তিনজন নেতা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেও দলীয় সাংসদ, খুলনা নগর ও জেলা কমিটির বেশির ভাগ নেতা-কর্মীর দাবি, নগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামানই তাঁদের প্রার্থী। তিনি ২০০৮ সালের নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন। সেবার তাঁর বার্ষিক আয় দেখিয়েছিলেন তিন লাখ টাকা। আয় কমে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, তিনি ঠিকাদার। গত পাঁচ বছরে তিনি কোনো কাজ না পাওয়া আয় কমে যাওয়ার অন্যতম কারণ।খুলনা সিটি করপোরেশনের ৩১ জন কাউন্সিলরের মধ্যে এবার যে ২৫ জন নির্বাচন করছেন, তাঁদের ১৫ জনই এবার হলফনামায় আয় দুই লাখ টাকার নিচে দেখিয়েছেন। তাঁদের আয়ও গতবারের চেয়ে কমে গেছে। তাঁদের কয়েকজন জানান, ব্যবসায় ক্ষতি বা ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় আয় কমেছে।

মনিরুজ্জামানের আয় কমলেও গত পাঁচ বছরে নগদ অর্থ বেড়েছে। ২০০৮ সালের হলফনামা অনুযায়ী, তাঁর নগদ অর্থের পরিমাণ ছিল আট লাখ ৩৬ হাজার টাকা। এ বছর নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ টাকা।

মনিরুজ্জামানের দেওয়া হিসাব অনুসারে মাসে তিনি ১৩ হাজার টাকার কিছু বেশি আয় করেন। তাঁর দুই সন্তান লেখাপড়া করে। ওই আয়ে কীভাবে চলে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার বাড়িভাড়া দিতে হয় না। স্ত্রীর কিছু আয় আছে। সব মিলিয়ে চলে যায়।’ তিনি এখন আয়কর দেন না। তিনি বলেন, ‘আগে যখন বেশি আয় করতাম, তখন আয়কর দিতাম। এখন আয় নেই, তাই আয়কর দিই না।’

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনিরুজ্জামান নিজস্ব তহবিল থেকে ১৫ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন। তাঁর দেওয়া আয়ের হিসাব ‘প্রশ্নবিদ্ধ’ বলে মন্তব্য করেছেন খুলনা নাগরিক কমিটির সভাপতি শেখ আবদুল কাইয়ুম।