খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং অফিসার অভিযোগের বিষয়ে তাঁকে ব্যাখ্যা দিতে বলেছেন।জেলা রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের বিষয়ে অবিলম্বে মনিরুজ্জামানকে ব্যাখ্যা দিতে বলেছি। ব্যাখ্যা পাওয়ার পর ব্যবস্থা নেব।’ আচরণবিধির ৯ ধারা অনুযায়ী, প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ ছাড়া ১০(২) ধারা অনুযায়ী প্রার্থিতাও বাতিল হতে পারে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, একটি জাতীয় দৈনিকে সদ্য বিদায়ী মেয়র ও এবারও প্রার্থী তালুকদার আবদুল খালেকের হলফনামায় দেওয়া সম্পদের বিবরণীর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। যা কপি করে রঙিন কাগজে লিফলেট আকারে বিতরণ করা হচ্ছে। এর নিচে মনিরুজ্জামানের ছবি রয়েছে। লিফলেটটি তৈরি করা হয়েছে খুলনা সচেতন সমাজের ব্যানারে। ওই লিফলেটের কপিসহ গত শনিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কাছে তালুকদার আবদুল খালেকের পক্ষে অভিযোগ আনা হয়। আচরণবিধির ৪ এবং ৬(২ক) ধারায় অভিযোগটি আমলে নেওয়া হয়েছে।মনিরুজ্জামান অভিযোগের ব্যাপারে বলেন, ‘আমি শনিবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের একটি নোটিশ পেয়েছি। আমার আইনজীবীকে এর জবাব দিতে বলেছি। তবে আমি এমন কাজে জড়িত নই। কে বা কারা এ কাজ করেছে তাও জানি না। কোনো মহল আমাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে।’এ ব্যাপারে সদ্য পদত্যাগী মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ‘তাঁরা আমার নামে ১০০ কোটি টাকা দুর্নীতি লিখে লিফলেট করে বিলি করছে। এ ছাড়া হেফাজতের ঢাকার ঘটনা লিফলেট করে রাতে মসজিদে মসজিদে বিলি করে বেড়াচ্ছে। এগুলো রঙিন কাগজে করা হচ্ছে। যাতে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে। এসব নিয়ে আমি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছি।’