খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামান গতকাল বুধবার ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বুধবার নগরের একটি হোটেলে তিনি এই ইশেতহার ঘোষণা করেন।ইশতেহারে মনিরুজ্জামান উল্লেখ করেন, খুলনা সিটি করপোরেশনকে একটি গতিশীল, দুর্নীতিমুক্ত ও গণমানুষের সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। তিনি নির্বাচিত হলে কোনো কর বাড়ানো হবে না উল্লেখ করে বলেন, ‘শাসক নয়, সেবকের ভূমিকায় খুলনা নগরকে একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন, শান্তি ও স্বস্তির আবাস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।’মনিরুজ্জামান খুলনা নগরে ‘নাগরিক শাসন’ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পাশাপাশি জাতি-ধর্ম-দল-মত-নারী-পুরুষনির্বিশেষে খুলনা নগরে বসবাসরত অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পরামর্শক পরিষদ গঠন, গুণীজন সম্মাননা, তরুণ সমাজকে মাদকের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা, নগরবাসীর স্বাস্থ্যসেবার উন্নয়ন, নতুন নতুন পার্ক ও উদ্যান তৈরি, ক্রীড়া, বিনোদন ও শরীরচর্চার সুযোগ সৃষ্টি, ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, নগরের সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানিনিষ্কাশনের সুব্যবস্থা, প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ বৃদ্ধি, আধুনিক শিল্প-কলকারখানা স্থাপনে সহায়তাসহ ইশতেহারে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। ইশতেহার প্রকাশ করে মনিরুজ্জামান বলেন, ‘আমার নিজের কোনো অর্থবিত্ত নেই। কিন্তু একজন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের মানুষের ভালোবাসা ও তাদের সমর্থনই হলো ক্ষমতার উৎস।’ ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের আহ্বায়ক ও সাবেক পৌরসভা চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, খুলনা নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নুরুল ইসলাম ও খুলনা আইনজীবী সমিতির সভাপতি সরদার ইউনুস।