মনিরুল ইসলাম পেলেন কুইন ইসাবেলা সম্মাননা
স্পেনের রাষ্ট্রীয় পদক পেয়েছিলেন তিনি ১৯৯৭ সালে। শিল্পী মনিরুল ইসলাম এবার পেলেন সে দেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা ‘দ্য ক্রস অব দি অফিসার অব দি অর্ডার অব কুইন ইসাবেলা’। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার স্প্যানিশ দূতাবাসের এক ঘরোয়া অনুষ্ঠানে স্পেনের রাষ্ট্রদূত অর্তোর পেরেস শিল্পীকে এই মর্যদাপূর্ণ পদক পরিয়ে দেন এবং তাঁর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলেদেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।আমাদের দেশের যে কজন শিল্পী বিদেশে অবস্থান করে তাঁদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এবং আমাদের চারুকলাকে বিশ্বপরিমণ্ডলে পরিচিত করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন, মনিরুল ইসলাম তাঁদের মধ্যে অন্যতম। ১৯৬৯ সাল থেকে স্পেন বসবাসকারী মনিরুল ইসলাম এই সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া সব সময়ই আনন্দময়। তবে এর সঙ্গে দায়িত্বও বেড়ে যায়।’ তিনি স্পেনের জনসাধারণ ও রানির প্রতি শুভেচ্ছা জানান। প্রথম আলোকে তিনি জানালেন, স্পেনে সাধারণত রাজকীয় অনুষ্ঠানে এ পদকটি দেওয়া হয়। তবে তিনি এখন দেশে অবস্থান করায় এখানেই তাঁকে পদকটি দেওয়া হয়েছে। মা অসুস্থ। তাঁকে দেখভাল করতেই এবার দেশে এসেছেন। কবে স্পেনে যাবেন ঠিক নেই। বন্ধু-সুহূদদের সঙ্গে নিয়ে দেশে এই পদক পাওয়ায় আনন্দ আরও গভীর হয়েছে বলে তিনি জানান।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই বরেণ্য শিল্পী স্পেনের মর্যাদাপূর্ণ সম্মাননা পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই স্বীকৃতি আমাদের চারুকলার নবীন শিল্পীদের উত্সাহিত করবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় হবে।’রাষ্ট্রদূত অর্তোর পেরেস বলেন, মনিরুল ইসলাম দীর্ঘদিন স্পেনে অবস্থান করে শিল্পকলা চর্চা করছেন। তিনি সেখানে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং সেখানে শিল্পকলার একটি বিশেষ ধারাও সৃষ্টি করেছেন। তাঁর সৃজনপ্রতিভার স্বীকৃতি হিসেবে আগেও রাষ্ট্রীয় পদক পেয়েছেন; এবার পেলেন এই সম্মাননা।শিল্পী মনিরুল ইসলামের জন্ম ১৯৪৩ সালে। তিনি ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলার পাঠ শেষে এখানেই শিক্ষকতা শুরু করেন ১৯৬৬ সালে। এরপর ১৯৬৯ সালে স্পেন সরকারের বৃত্তি নিয়ে সে দেশে যান উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য। এর পর থেকে স্পেনেই স্থায়ীভাবে বাস করে শিল্পচর্চা করছেন। স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে তাঁর বহু একক ও যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।এ ছাড়া তিনি স্পেন ও মিসরে বেশ কয়েকটি আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে বিচারক হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার ও সম্মাননার পাশাপাশি তিনি দেশে ১৯৯৯ সালে একুশে পদক, শিল্পকলা একাডেমী পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।মনিরুল ইসলাম বিশেষ খ্যাতিমান তাঁর ছাপচিত্রের জন্য। এচিংয়ে তিনি এমন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য অর্জন করেছেন, যা স্পেনে ‘মনির স্কুল’ বলে পরিচিত। মনিরুল ইসলাম স্পেনে অবস্থান করলেও দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন। নিয়মিত তিনি দেশে আসেন এবং প্রদর্শনী করে থাকেন। আমাদের প্রকৃতিকে নিজস্ব আঙ্গিকে তিনি তুলে ধরেন তাঁর কাজে। ব্যবহার করেন দেশজ উপকরণ। স্নিগ্ধ ও পরিমিত রঙের ব্যবহারে তাঁর ছবি দৃষ্টিতে প্রশান্তি ছড়িয়ে দেয়। এবারও একটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে বলে জানালেন শিল্পী।অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।স্পেনের রাজা সপ্তম ফার্দিনান্দ রানি ইসাবেলার সম্মানে ১৮১৫ সালের ১৮ মার্চ ‘রয়্যাল অ্যান্ড আমেরিকান অর্ডার অব ইসাবেলা দ্য ক্যাথলিক’ নামের এই পদক প্রথম প্রবর্তন করেন। পরে ১৮৪৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘রয়্যাল অর্ডার অব ইসাবেলা দ্য ক্যাথলিক’। ১৯৯৮ সালে পদকটির বর্তমান নামকরণ হয়।মানবাধিকার নাট্য উত্সব শেষ হলোরবীন্দ্রসরোবর মঞ্চে গতকাল রোববার শেষ হলো তিন দিনের মানবাধিকার নাট্য উত্সব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন মেঘনা গুহঠাকুরতা, ড. ইফতেখারুজ্জামান ও মনজুরুল আহসান। মানাপের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্ব করেন। শেষ দিনে মাদক নিয়ে নির্মিত কুষ্টিয়া মানাপের নাটক বিষবৃক্ষ, ছাত্ররাজনীতি ও সন্ত্রাস নিয়ে তীরন্দাজ নাট্যদলের কারখানা ও জাহাঙ্গীরনগর থিয়েটারের দুর্নীতিবিরোধী নাটক গিরগিটি মঞ্চস্থ হয়।সমাপনী অনুষ্ঠানে শিক্ষাবিদ ও দার্শনিক সরদার ফজলুল করিম, প্রাবন্ধিক যতীন সরকার ও নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা অনুষ্ঠানে উপস্থিত না থাকায় পরে তাঁদের কাছে এই সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে বলে আয়োজকরা জানান। ১২ মার্চ থেকে ‘আঁধারের বুক চিরে সত্যেরে করি উন্মোচন’ শীর্ষক শুরু হওয়া এ উত্সবে শেষ দিনের অন্যান্য নাটকের মধ্যে ছিল কিশোরগঞ্জের মানাপের নদী ও ভূমিবিষয়ক নাটক বাঁধ বেনিয়া। এরপর সুশাসন ও দুর্নীতি নিয়ে ঢাকা ইয়েস নাট্যদল মঞ্চস্থ করে থেরাপি ও শহুরে সংকট নিয়ে নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটার আশ্চর্য উপশম।জ্যাজ-গানে মুগ্ধ সন্ধ্যাগতকাল সন্ধ্যায় উলফ গ্যাংগ হাফনার জ্যাজ গাইলেন জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে। ‘হাফনার-ট্রিও ফ্রম বার্লিন: লাইভ ইন কনসার্ট’ নামের এই জ্যাজ-সন্ধ্যায় তিনি জার্মান-জ্যাজে মুগ্ধ করলেন এ-দেশীয় শ্রোতারদের। হাফনারের সঙ্গে বেজ গিটার বাজালেন সুইডিশ লার্স ড্যানিয়েলসন আর পিয়ানোতে ছিলেন জার্মানের হুবার্ট নাস।সন্ধ্যা সাতটায় মিলনায়তনে অ্যাঞ্জেলা গ্রুনাট দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শিল্পীদের। এরপর যন্ত্র আর কণ্ঠে মুগ্ধ হওয়ার পালা। হাফনার তাঁর সর্বশেষ অ্যালবাম রাউন্ড সাইলেন্স থেকে গেয়ে শোনান। এ ছাড়া নিজের পুরোনো গানও ছিল এতে। দ্বিতীয়বারের মতো এবার তিনি এলেন বাংলাদেশে।