রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর রুমমেট মনিরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মোকসেদা আসগর এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান, গত মঙ্গলবার আসামি মনিরুলের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। গতকাল শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সন্ধ্যায় মনিরুলকে কারাগার থেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করার কথা। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে এ হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে পুলিশ আশা করছে।
মনিরুলের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। থাকতেন নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে মোতালেব হোসেনের সঙ্গে।
২০ অক্টোবর সকালে নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের নালা থেকে মোতালেবের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় তাঁর চাচা মতিহার থানায় মামলা করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল, মোতালেবের বন্ধু প্রদীপ ও হলের দুই প্রহরীসহ চারজনকে থানায় নেয় পুলিশ। রাতেই প্রদীপকে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে ছেড়ে দেওয়া হয় দুই প্রহরীকেও। তবে মনিরুলকে জিজ্ঞাসাবাদের পর রোববার সকালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।