মনিরুল সালাম করলেন প্রধানমন্ত্রী দোয়া দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিদলীয় নবনির্বাচিত মেয়র মো. মনিরুল হক সাক্কু শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় মনিরুল হক প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। প্রধানমন্ত্রী মেয়রের পিঠে হাত দিয়ে তাঁকে দোয়া করেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী কুমিল্লা নগরের উন্নয়নে তাঁর সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মেয়রকে নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বকুল সম্মেলন কক্ষে মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী মেয়র মনিরুলকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর এ নিয়ে কুমিল্লায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়।

জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র মনিরুল হক প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, “কোন দল কর, তা আমি দেখতে চাই না। আমি চাই কুমিল্লায় কাজ হোক। কুমিল্লা নগরের উন্নয়নে সহায়তা দেওয়া হবে।” প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে আমি তাঁর পা ছুঁয়ে সালাম করেছি।’

মনিরুল আরও বলেন, ‘সালাম করার সময় তিনি আমাকে হাত বুলিয়ে দিয়েছেন। তিনি মুরব্বি, আমার বড় বোন ওনার সঙ্গে পড়াশোনা করেছেন। আমার পরিবারের খোঁজও নিয়েছেন। ২০১২ সালে প্রথমবার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর ওই বছরের ২ ফেব্রুয়ারি আমাদের শপথ অনুষ্ঠান হয়। তখনো ভিন্ন দলের মেয়র হলেও তিনি অত্যন্ত আন্তরিকভাবে আমাকে গ্রহণ করেছেন।’

মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লার বিভিন্ন আসনের কয়েকজন সাংসদ, মেয়রের স্ত্রী আফরোজা জেসমিন, মেয়রের ছোট ভাই কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. কাইমুল হক।