মনিরুল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলামের হত্যাকারীদের সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল শনিবার বন্দরের জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে। এর আগে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকেরা।
মনিরুল ইসলাম জেলার শিবগঞ্জের শিয়ালমারা গ্রামের বাসিন্দা ও শাহাবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকেরা। সংবাদ সংম্মেলনে বলা হয়, একটি মহল মনিরুল হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ কারণে এখনো হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়নি। এ ছাড়া হত্যার ঘটনায় পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার না করলে আগামী বুধবার থেকে বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে। এর আগে আজ রোববার, কাল সোম ও পরের দিন মঙ্গলবার বন্দরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া গতকাল দুপুরে বন্দরের জিরো পয়েন্টে মানববন্ধন করেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিকেরা। এ সময় বক্তব্য দেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যসচিব সোহেল আহমেদ, মনিরুল হত্যার আন্দোলন কমিটির আহ্বায়ক সাদেকুল ইসলাম প্রমুখ।