মনিরুলকে সমর্থন দিতে আরেক মনিরুলকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা মনিরুল হককে সমর্থন দিতে দলের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরীকে অনুরোধ জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকার পশ্চিম রাজাবাজারে মনিরুল হক চৌধুরীর বাসায় গিয়ে কুমিল্লা বিএনপির একটি অংশের নেতারা এই অনুরোধ জানান। তবে বিএনপির সাবেক এই সাংসদ তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি কুমিল্লায় গিয়ে তাঁর এলাকার নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে।নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাতিল এবং সেনা মোতায়েনের দাবি না মানায় বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ফলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মনিরুল হক দলের সমর্থন ছাড়াই নির্বাচন করছেন।বিএনপি সূত্র জানায়, গতকাল সকালে কুমিল্লার নেতারা বিএনপির কেন্দ্রীয় পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরীর বাসায় যান। নেতাদের মধ্যে ছিলেন বিএনপির সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগীতশিল্পী আসিফ আকবর, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী নাছিমুল হক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার সভাপতি কাজী নাজমুস সা’দাত।বৈঠকে আসিফ আকবর মনিরুল হক চৌধুরীকে বলেন, ‘কুমিল্লাবাসী আপনার দিকে তাকিয়ে আছে। নির্বাচন বর্জন নয়, অর্জন করতে হবে। এ জন্য আপনার সমর্থনের বিকল্প নেই। মনিরুল হক সাক্কুর বিজয়ের জন্য কাজ করতে হবে।’