মনিরের গ্রামে শোক, কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়া থেকে ফেরার পথে গ্রিসে যাওয়ার সময় সাগরে ঝাঁপ দিয়ে নিহত মনিরের (২৯) লাশ গতকাল শনিবার তাঁর গ্রামের বাড়ি বরগুনার খাজুরতলা গ্রামে দাফন করা হয়েছে। গতকাল খুব সকালে ঢাকা থেকে তাঁর লাশ বাড়িতে পৌঁছালে এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করে। শোকার্ত হাজারো গ্রামবাসী মনিরের মৃতদেহ শেষবারের মতো দেখার জন্য তাঁদের বাড়িতে জড়ো হয়। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়ে। মনিরের মা, বাবা ও আত্মীয়স্বজনের বুকফাটা আহাজারিতে তখন এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। গতকাল সকাল ছয়টায় ঢাকা থেকে মনিরের মৃতদেহ বাড়িতে পৌঁছায় এবং বেলা ১১টায় বাড়ির সামনে খাজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরসহ বরগুনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানা গেছে, লিবিয়া থেকে জাহাজে করে গ্রিসে যাওয়ার পর গত ৬ মার্চ গভীর রাতে সাগরে ঝাঁপ দিয়ে গ্রিসে থেকে যাওয়ার জন্য চেষ্টা চালান বেশ কয়েকজন বাংলাদেশি শ্রমিক। এতে এ পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন মনির। নিহতদের মধ্যে তিনজনের লাশ গত ১০ মার্চ বাংলাদেশে ফেরত আনা হয়। এর মধ্যে মনিরের লাশটির নাম ও ঠিকানা ভুল করে সাভারের শফিউল আজমের লাশ ভেবে দেশে পাঠানো হয়। গত বুধবার লাশটি শফিউলের সাভারের বাড়িতে নেওয়া হলে তাঁর পরিবার এটা শফিউলের লাশ না হওয়ায় তা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে লাশটি ঢাকা মেডিকেলের হিমঘরে বেওয়ারিশ হিসেবে রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে নিহত মনিরের ভাই নজরুল ইসলাম ঢাকা মেডিকেলে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, এটা তাঁর ছোট ভাই মনিরের লাশ। পরে আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার রাতে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।