বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমার স্টলে বসে আছি।
একটা ডাগর চোখের কিশোরী আমার সামনে প্রিয় এই পৃথিবী ছেড়ে বইটি এগিয়ে দিয়ে বলল, ‘অটোগ্রাফ দিন।’
‘নাম কী?’
‘রিদমা’—তারপর বলল, ‘আমার বাবার নাম দীপন।’
আমি বললাম, ‘কোন দীপন? জাগৃতি প্রকাশনীর দীপন?’
ও বলল, ‘হ্যাঁ।’
আমি প্রথমার কর্মীদের বললাম, ‘ওর টাকা ফেরত দিন।’
প্রথমার কর্মীরা কিশোরীকে টাকা ফেরত দিলেন।
মেয়েটি খুশি হয়ে চলে গেল।
আমি চোখ লুকোব কোথায়?
বইমেলার আয়োজন এবার খুব সুন্দর। সোহরাওয়ার্দী উদ্যানে বিস্তৃত পরিসরে মেলা। হাঁটাচলার জায়গা আছে, ফোয়ারা আছে, শিশুদের বিনোদনের চত্বর আছে, পর্যটন করপোরেশনের রেস্তোরাঁ আছে, আর আছে মুক্তমঞ্চে নিয়মিত নাট্যাভিনয়ের ব্যবস্থা। বাংলা একাডেমি প্রাঙ্গণে লিটল ম্যাগ চত্বর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদির স্টল। আর ছোট-বড় প্রকাশকদের বইয়ের আসল মেলাটা সোহরাওয়ার্দী উদ্যানেই।

নিরাপত্তাব্যবস্থা সুরক্ষিত। মেলার পরিসর বড় বলে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নেই। গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতেই প্রথমে চোখে পড়বে সৈয়দ শামসুল হক চত্বর। আমার জন্য ব্যাপারটা বিশেষ রকমের অর্থ বহন করে, একে তো আমি সৈয়দ হকের শিষ্য, তার ওপরে বাংলা একাডেমি চত্বরটা সাজাতে সৈয়দ শামসুল হকের যে ছবিটা ব্যবহার করেছে, সেটা আমার আঁকা জলরঙের ছবি।
সেটা দেখে সৈয়দ হক ভাইকে মনে মনে সালাম দিয়ে আমি বাঁয়ে চলে যাই। প্রথমেই পড়ে সময় প্রকাশন। ফরিদ আহমেদকে পেলে ঠাট্টা করি, তারপর ওই যে প্রথমা। ওটাই বইমেলায় আমার রোজকার ঠিকানা। মতিউর রহমানের ইতিহাসের সত্য সন্ধানে বইটা কিনেছি, আকবর আলি খানের নতুন বই, ফারুক চৌধুরীর নতুন বই কেনার তালিকায় রেখেছি।
কেউ না কেউ তার নতুন বইয়ের মোড়ক উন্মোচনের জন্য ডাকেন। তখন হাঁটতে থাকি। ভেতরের দিকে যাই।
জাগৃতির সামনে হঠাৎ শুনি ডাক—‘আনিস ভাই। আনিস ভাই।’
জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপনের বিধবা স্ত্রী ডাকছেন। বললেন, ‘আনিস ভাই, আমার মেয়ে আপনার ওখান থেকে ফিরে এসে খুশিতে অনেকক্ষণ কেঁদেছে। আংকেল আমার কাছে টাকা নেননি।’
আমি আবারও চোখ লুকোই। আমার চোখ যে বারবার ভিজে আসে। জাগৃতির দীপন সব সময় হাসতেন। আমার কবিতার সমগ্র বের করেছিলেন। হাসান আজিজুল হক, সেলিনা হোসেনের বইয়ের সঙ্গে আমারও শ্রেষ্ঠ গল্প বের করেছিলেন। ওই মুখ আমি ভুলব কেমন করে? আর ডাগর চোখের বালিকা রিদমার মুখটা দেখলে আমার বুকের ভেতর কী যে হয়! আমারও যে একটা মেয়ে আছে!
রফিক আজাদ চত্বর পেরিয়ে সামনে এগোই। অনন্যায় গেলে দেখা পাই ইমদাদুল হক মিলনের। ইমদাদুল হক মিলন আমাদের বাংলাবাজারের প্রথম জনপ্রিয় লেখক। আজকের বইমেলা যে বড় হলো, তার পেছনে ইমদাদুল হক মিলন আর পরবর্তীকালে হুমায়ূন আহমেদের খুব বড় অবদান আছে। মোস্তফা কামালের অগ্নিকন্যা বইটা এবার বেশ যত্ন নিয়ে খাটুনি করে লেখা। অনন্যায় ফরিদুর রেজা সাগরের দুটো বই হাতে নিয়ে আর চোখ ফেরাতে পারি না। বাবার প্রিয় মুখ আর কাছের মানুষের মুখ। মানুষের চরিত্র আঁকা হয়েছে, অল্প কথায় আর মামুন হোসাইনের পরিমিত রেখায়। এ রকম রেখা দিয়ে মুখচ্ছবি আঁকা এ দেশে সাধারণত দেখা যায় না।
অন্বেষার স্টলে গেলেও মন কেমন করে। মাহবুবুল হক শাকিল নেই, কিন্তু তাঁর বই জলে খুঁজি ধাতব মুদ্রা আছে। যেমন বুকটা খাঁ খাঁ করে ওঠে অন্যপ্রকাশের স্টলে গেলে, ভেতরে হয়তো আছেন নাসরীন জাহান, তাঁর সঙ্গে গল্পও করি, কিন্তু হুমায়ূন আহমেদের নতুন বই আর কোনো দিন আসবে না, ভাবা যায়!
সুমন্ত আসলাম কিংবা মোস্তফা মামুনের সঙ্গে কথা হয়। পার্লের স্টলে তাঁদের বড় বড় ছবি। ওঁদের বই ভালো বিক্রি হয়। যেমন এবার বেশ ভালো বিক্রি হচ্ছে রাজীব হাসানের হরিপদ ও গেলিয়েন কিংবা ফখরুল আবেদীন মিলনের নিরুদ্দেশ। তাঁদের পাঠক গড়ে উঠেছে ফেসবুক থেকে।
প্রবাসী লেখকেরা এসেছেন। জ্যোতিপ্রকাশ দত্ত, ইকবাল হাসান, সাইফুল্লাহ মাহমুদ দুলাল থেকে শুরু করে নিউইয়র্কের আবু রায়হান। বইমেলায় এবার হাসান আজিজুল হকের সঙ্গে দেখা হয়েছে, জাকির তালুকদার, পারভেজ হোসেনের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছি। অনন্যা থেকে মুনতাসীর মামুন স্যারের পূর্ববঙ্গের ব্রাহ্ম আন্দোলন বইটা কিনব বলে ঠিক করে রেখেছি।
মুহম্মদ জাফর ইকবাল স্যারকে একদিন বললাম, ‘স্যার, রোজ মেলায় আসুন। লোকে তো শুধু সেলফি তোলে, বই কেনে কই?’
একটু পরে স্যার এসে বললেন, ‘আপনি কথাটা ঠিক বলেছেন, সেলফি তোলা লোক বেশি।’ স্যারকে জানানো দরকার, ১৫ ফেব্রুয়ারির পর থেকে পরিস্থিতি পাল্টে গেছে, এখন লোকে বই কিনতে শুরু করেছে।
বইমেলায় গতবার একটা মেয়ে এসেছিল। ১২-১৩ বছর বয়স। ওর মা আমাকে বললেন, ‘আপনার বই ও খুব পছন্দ করে। আপনি কি ওকে একটু জড়িয়ে ধরবেন।’ আমি ধরলাম। ও সশব্দে খিলখিল করে হেসে উঠল। ওর মা বলল, ‘ও চোখে দেখে না, আমি পড়ে শোনাই আপনার বই।’
আমি তখন বুঝলাম, ওর মা কেন ওকে জড়িয়ে ধরতে বলেছিলেন। কারণ, ও তো চোখে দেখবে না, স্পর্শ বুঝতে পারবে। আর কেন ও জোরে হাসল—কারণ, ও বুঝিয়ে দিল ও খুশি হয়েছে।
অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কেন বইমেলায় যান?’
আমি যাই ওই বাচ্চা মেয়েটির ভালোবাসার টানে, যে আমাকে চোখে দেখে না, কিন্তু আমাকে পাঠ করে। এই বইমেলায় মনীষী রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্যার ব্র্যাডম্যান (প্রথমা প্রকাশন থেকে আসা উৎপল শুভ্রর কল্পলোকে ক্রিকেটের গল্প) আছেন, তাঁদের আমি চোখে দেখব না, কিন্তু তাঁদের সংস্পর্শে একটুখানি ধন্য হব বলে বইমেলায় যাই।
অমর একুশে গ্রন্থমেলার ১৮তম দিনে গতকাল নতুন বই এসেছে ১৫৬টি এবং ৬১টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মেলায় প্রথমা প্রকাশন এনেছে আকবর আলি খানের অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি ও আব্দুল কাইয়ুমের মজার গণিত। অবাক বাংলাদেশ: বিচিত্র ছলনাজালে রাজনীতি বইতে আকবর আলি খান এ দেশের রাজনীতির বাঁকে বাঁকে যে বৈপরীত্য ও আপাতবিরোধী সত্য লুকিয়ে রয়েছে, তা উন্মোচন করেছেন; সন্ধান করেছেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ। একটি নির্ভেজাল গবেষণাগ্রন্থ লিখিত হয়েছে অনেকটা রম্যরচনার ঢঙে। অন্যদিকে যাঁরা গণিতকে কঠিন বলে মনে করেন, বিশেষভাবে তাঁদের জন্যই মজার গণিত।
এ ছাড়া মেলায় কথাপ্রকাশ এনেছে দ্বিতীয় সৈয়দ-হকের মেঘ ও বাবার কিছু কথা, দিব্যপ্রকাশ এনেছে শরীফ খানের বাংলাদেশের পাখি ও বন্য প্রাণী, মাওলা ব্রাদার্স এনেছে জাহিদ হায়দারের অববাহিকায়।
বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুকিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
বিকেলে মেলামঞ্চে অনুষ্ঠিত হয় ‘নব্বইয়ের দশকের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মোস্তাক আহমাদ দীন। আলোচনায় অংশগ্রহণ করেন শহীদ ইকবাল এবং এ এম মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন কবি সাজ্জাদ শরিফ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল লাকী ইনামের পরিচালনায় এবং নাগরিক নাট্যাঙ্গনের পরিবেশনায় নাটক ক্রীতদাসের হাসি।