মনু নদের প্রতিরক্ষা বাঁধের ৪৫ স্থান ঝুঁকিপূর্ণ
মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় মনু নদের শহর প্রতিরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এ ছাড়া এ বাঁধের ৪০ থেকে ৪৫টি স্থান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে মনু নদে পানি বেড়েছে। এতে মৌলভীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকায় মনু নদের বাঁধে ধস দেখা দিয়েছে। গত শুক্রবার গভীর রাত থেকে স্থানটি সতর্ক পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার বিকেলে দেখা গেছে, বড়হাট এলাকায় বাঁধের ভাঙন রোধে বালুর বস্তা তৈরি করা হচ্ছে। এখানে এক হাজার বস্তা মজুত করা হয়েছে। বড়হাট এলাকায় বাঁধ ভেঙে গেলে মৌলভীবাজার শহর বন্যাকবলিত হয়ে পড়বে। বড়হাট ছাড়াও মনু নদের বাঁধের রাজনগর ও কুলাউড়া উপজেলার ৪০ থেকে ৪৫টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।এর মধ্যে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বেলেরতল (আলীনগর), রাজাপুর, বালিয়া, কলিরকোনা, টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম, তাজপুর, শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর, হাজিপুর ইউনিয়নের হাসিমপুর, মনুবাজার, মন্দিরা এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কোনাগাঁও, কাদিরচর, কামারচর ও প্রেমনগর এলাকার বাঁধ বেশি ঝুঁকিপূর্ণ বলে পাউবো জানিয়েছে।কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়নের বেলেরতলসহ তিন-চারটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে জানিয়েছি। তাঁরা এসে দেখবেন বলেছেন।’
পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজিজ মোহামঞ্চদ চৌধুরী শনিবার বলেন, ‘রাত (শুক্রবার) থেকে মনু নদের বড়হাট এলাকায় ছিলাম। আমাদের লোকজন ভাঙন ঠেকাতে সেখানে কাজ করছে। এখানে বালুর বস্তা ফেলা হবে। এ স্থানটিই বেশি ঝুঁকিপূর্ণ। এ ছাড়া মনু নদের অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানের ওপর আমাদের নজর রয়েছে। লোকজনকে উদ্বুদ্ধ করা হয়েছে বাঁধের কোথাও ইঁদুরের গর্ত দেখলে আমাদের জানাতে।’নির্বাহী প্রকৌশলী জানান, মনু নদের বাঁধ মেরামতের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট তহবিলে ২৩ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ মে বড়হাট এলাকার বাঁধের স্থায়ী কাজের জন্য ই-টেন্ডার আহ্বান করা হয়েছে।