মনু নদের বাঁধের ২৫ স্থানে ভাঙন, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মনু নদের বাঁধের ২৫টি স্থান ঝুঁকির মধ্যে রয়েছে। নদীর পানি বাড়লে বাঁধের ওই স্থানগুলো ভেঙে তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ টাকা বরাদ্দ না পাওয়ায় বাঁধটির ওই স্থানগুলো মেরামত করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও পাউবো সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই বাঁধের কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার ২৫টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ বাঁধের ভাঙনরোধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা পাউবোসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন৷ কিন্তু কোনো কাজ হয়নি৷ বাঁধের ওই স্থানগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে তিন উপজেলার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন৷
গত ৯ মে সন্ধ্যায় মনু নদের ভাঙনে আখাইলকুরা ইউনিয়নের সোয়াইজুরী গ্রামের ২৫টি ঘর নদে তলিয়ে যায়। ওই গ্রামের বাসিন্দা এলেমান মিয়া বলেন, ‘পানি দেখে আমি বাচ্চাকাচ্চারে সরাই দিছি। প্রথমেই আমার ভিটার কাছের গাছপালা পানিতে তলিয়ে গেছে। এরপর বিশাল ফাটল দিছে ঘরের ভিটার মাঝখান জুড়ে। রাইত সাতটা সাড়ে সাতটার দিকে আমার ৩২ হাত লম্বা টিনের ঘর চোখের সামনে নদে ভেঙে পড়ল।’
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আবদুল বাছিত বলেন, ‘আমাদের এলাকার অন্তত পাঁচ-ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ভেঙে পড়বে।’ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজমুল হক বলেন, ‘আমার ইউনিয়নের চার-পাঁচটি স্থান মারাত্মক ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বারবার মেরামতের কথা বলেছি। তারা গাড়ি নিয়ে আসে, ঘুরে যায়। এতটুকুই। লোক দেখানো ছাড়া আর কোনো কাজ নেই।’
পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ বজলুল করিম গত সোমবার প্রথম আলোকে বলেন, মনু নদের সীমান্ত থেকে (কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর) মনুমুখ (সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন) পর্যন্ত ২৫টি স্থানে সমস্যা রয়েছে। স্থানগুলো ঝুঁকিপূর্ণ। পানি বেড়ে গেলে বঁাধের ওই স্থানগুলো যেকোনো সময় ভেঙে যেতে পারে। এসব স্থান মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে৷ কিন্তু বরাদ্দ পাওয়া যায়নি৷