মনু নদের রাজাপুর ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি ইউনিয়নের মানুষের যোগাযোগ সহজ করার জন্য মনু নদের রাজাপুর ফেরিঘাটে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল বুধবার বিকেলে একটি সমাবেশ থেকে এই দাবিতে ১৫ মার্চ রাজাপুর ফেরিঘাট এলাকায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এলাকাবাসী জানিয়েছেন, কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরিফপুর সড়কের মনু নদের রাজাপুর ফেরিঘাটে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এই ফেরিঘাটের এক পাশে পড়েছে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ও অপর পাশে হাজীপুর ইউনিয়নের মাদানগর এলাকা। এই ফেরিঘাট দিয়ে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা, হাজীপুর, শরিফপুর ও কর্মধা ইউনিয়নের জনসাধারণ চলাচল করেন। রাজাপুর ফেরিঘাটের সঙ্গে দুই পাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো। কিন্তু এই স্থানটিতে মনু নদের ওপর একটি সেতু না থাকায় দুই পাশের মানুষ যুগ যুগ ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন। রাজাপুর ফেরিঘাটে মনু নদের ওপর সেতু নির্মাণের দাবিতে গতকাল বিকেলে হাজীপুর ইউনিয়নের সুখনাভী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাজাপুর মনু নদের ওপর সেতু বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সমাবেশ হয়েছে। প্রবীণ শিক্ষক রণজিত কুমার দের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবদুল মালিক, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল লতিফ, সিপিবি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল উদ্দিন আহমদ, রাজাপুর মনু নদের ওপর সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী প্রমুখ। সমাবেশ থেকে ১৫ মার্চ রাজাপুর ফেরিঘাট এলাকায় নদের দুই পাড়ে কয়েক হাজার নারী-পুরুষ, ছাত্রছাত্রীর অংশগ্রহণে একটি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।