মনু নদ প্রকল্পের কাওয়াদিঘি হাওর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দেওয়া হয়েছে। পরে একইভাবে ঘেরাওকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি দিয়েছে। মনু প্রকল্প ও হাওর রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকার কৃষকেরা এসে জড়ো হতে থাকেন। সেখানে এক সমাবেশে বক্তব্য দেন মনু প্রকল্প ও হাওর রক্ষা কমিটির সমন্বয়কারী সরওয়ার আহমদ, বকশী ইকবাল আহমদ, জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আহমদ, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশা, আখাইলকুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ প্রমুখ। পরে বিপুলসংখ্যক কৃষক মিছিল নিয়ে পাউবোর বেজবাড়ির কার্যালয় ঘেরাও করেন। সেখানে কাওয়াদিঘি হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পাউবোর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। মিছিলটি এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে আসে। এখানে সদর উপজেলার একাটুনা, আখাইলকুরা ও চাঁদনীঘাট ইউনিয়নবাসীর পক্ষ থেকে একই দাবিতে পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, মনু নদ প্রকল্পের কাওয়াদিঘি হাওরাঞ্চলের সদর উপজেলার আখাইলকুরা, একাটুনা, চাঁদনীঘাট এবং রাজনগর উপজেলার ফতেহপুর, পাঁচগাঁও, রাজনগর ও মনসুরনগর এলাকার কৃষকেরা জলাবদ্ধতার কারণে এ বছর বোরো, আউস ও আমন ফসল ঘরে তুলতে পারেননি। বৈশাখ মাস থেকে এই কার্তিক মাস পর্যন্ত জলাবদ্ধতা চলছে। অভিযোগ করা হয়েছে, মনু নদ প্রকল্পে কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে সেচ দিয়ে পানি নিষ্কাশনের কথা। কিন্তু সেচ পাম্পে নানা সমস্যা ও পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনার কারণে পানি নিষ্কাশন সম্ভব হয়নি। এতে কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁরা এখনো জলাবদ্ধতা বিরাজ করায় বোরো ধানের হালিচারা তৈরি করতে পারছেন না। ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকারী সদর উপজেলার আখাইলকুরা ইউনিয়নের জুমাপুর গ্রামের কৃষক ধন মিয়া বলেন, ‘এক আঙুল পানি কমছে না। এখনো হালিচারার জমির ওপরে বুকসমান পানি।’ চাঁদনীঘাট ইউনিয়নের মমরুজপুর গ্রামের আকলু মিয়া বলেন, ‘আমরারে বোরো করার ব্যবস্থাটা করি দেওকা (করে দেন)। আমরার ভাত খাইতাম এ অবস্থা নাই।’ আখাইলকুরা ইউনিয়নের জগৎপুর গ্রামের আলাল আহমদ বলেন, ‘আমরারে জানে মারি লাইছে। একশ কিয়ার (বিঘা) জাগা থইয়া (রেখে) আট মাস ধরি ভাত কিনি খাইরাম।’ কাদিপুর গ্রামের শ্রীবাস সরকার বলেন, ‘বাড়িঘরে এখনও পানি। হালিচারার জমি চাইর (চার) হাত পানির নিচে।’পাউবোর নির্বাহী প্রকৌশলী এম আমিনুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘পানি নামতে একটু সময় লাগবে। প্রতিদিন ১০ থেকে ১৫ সেন্টিমিটার পানি কমছে। হয়তো আট-দশ দিনের মধ্যে বোরো ধানের বীজতলা করার সুযোগ হয়ে যাবে। কুশিয়ারা নদীর পানি এখন হাওর থেকে দুই ফুট নিচে আছে। তা ছাড়া যখনই পারা যাচ্ছে, পাম্প চালানো হচ্ছে। এখন অতিরিক্ত বৃষ্টি হচ্ছে না। তাতে পানি বাড়বে না।’