মনুর ভাঙনে ঝুঁকিতে সেতু, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনু নদের ভাঙনে মৌলভীবাজারের শমশেরনগর-চাতলা স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতুর উত্তর পাশের নিচের অংশ থেকে মাটি ধসে পড়ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো
মনু নদের ভাঙনে মৌলভীবাজারের শমশেরনগর-চাতলা স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতুর উত্তর পাশের নিচের অংশ থেকে মাটি ধসে পড়ছে। গত শুক্রবার তোলা ছবি l প্রথম আলো

মনু নদের অব্যাহত ভাঙনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শমশেরনগর-চাতলা স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতুটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। মনু নদের প্রতিরক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে শিগগিরই ব্যবস্থা না নিলে সেতুটির উত্তর দিকের অংশ দেবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এতে ভারতের ত্রিপুরার সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির চাপে সেতুর উত্তর দিকের প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। এখন ওই ভাঙন সেতুর উত্তর দিকের নিচের অংশ ও পার্শ্ব দেয়ালে গিয়ে ঠেকেছে। এর আগে মনু নদের এই ভাঙন নিয়ে গত ৮ মে প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে স্থানীয় লোকজন দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

স্থানীয় শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, ২০০৫ সালে সেতু নির্মাণ হওয়ার আগে শরীফপুর ইউনিয়নের দক্ষিণ দিকের নয়টি গ্রামের ৩৫ হাজার মানুষ উত্তর দিকের উপজেলা ও জেলা শহর থেকে বিচ্ছিন্ন ছিল। সেতুটি নির্মিত হওয়ায় এ দিকের মানুষ এখন সহজে জেলা শহর হয়ে সারা দেশে যাতায়াত করতে পারছে। আবার উত্তর দিকের মানুষ দক্ষিণ দিকে এসে চাতলা স্থল শুল্কস্টেশনের ইমিগ্রেশন কার্যালয় দিয়ে ভারতে যাওয়া-আসা করতে পারছে। তাই সেতুটি ধসে পড়লে ব্যবসায়ীসহ সবার ক্ষতি হবে। এ জন্য তিনি সপ্তাহখানেক আগে মুঠোফোনে পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে প্রতিরক্ষা বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, এখনই প্রতিরক্ষা বাঁধের ভাঙন রোধ করতে না পারলে সেতুর উত্তর দিকের অংশ ধসে পড়বে। তিনি এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মে মাসের প্রথম সপ্তাহে একটি চিঠি দিয়েছিলেন। তারপরও পাউবো কেন ব্যবস্থা নিচ্ছে না, তিনি বুঝতে পারছেন না।

পাউবোর মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শঙ্কর চক্রবর্তী জানান, সওজের নির্বাহী প্রকৌশলীর চিঠি পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করেছেন। তিনি পর্যবেক্ষণের ভিত্তিতে সেতু রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছেন। ওই প্রস্তাবগুলো পাস না হলে কোনো কাজ করা যাবে না।