‘সারা দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে। পাসের হার বাড়ছে। কিন্তু রুচিমান মানুষ কি বেড়েছে? মনুষ্যত্ব কি বেড়েছে? বাড়েনি! আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা দরকার। মানুষে মানুষে বিভেদ বন্ধ করা দরকার। তা না হলে সমাজ এগোবে না। সাহিত্য বাঁচবে না।’
বরিশালে অনুষ্ঠিত সাহিত্য সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘একখণ্ড সাদা পৃষ্ঠায় আমি মারামারি করি। কবিতার মাধ্যমে ছবি আঁকি। সেই ছবিটি বাংলাদেশের ছবি। কিন্তু যে বাংলাদেশ স্বপ্নে ও কবিতায় দেখি, বাস্তবের সঙ্গে তার মিল পাওয়া যায় না। মানুষে মানুষে হিংসা-বিদ্বেষ আমাদের সংস্কৃতি ও সম্ভাবনাকে ধ্বংস করতে চায়। আমাদের সাহিত্যকে ধ্বংস করতে চায়।’
উদ্বোধন-পরবর্তী আলোচনায় কবি আসাদ চৌধুরী আরও বলেন, ‘যেকোনো সম্মেলনে বাড়ে বুকের বল। ধর্মের নামে হত্যা, জঙ্গি তৎপরতা সেই বলকে দাবিয়ে রাখতে চায়। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে সার্বিকভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। একবিংশ শতাব্দীতে আমাদের এখনো বলতে হচ্ছে “আবার তোরা মানুষ হ”। মানুষ না হলে মনুষ্যত্ব থাকবে না। সংস্কৃতি থাকবে না।’
গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করে এ সাহিত্য সম্মিলনের উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। সাহিত্যের সংবাদপত্র সাহিত্য বাজার-এর দশম বর্ষে পদার্পণ উপলক্ষে দুই দিনের এ সম্মিলন বসেছে।
সভায় কবি অসীম সাহা, রবীন্দ্র গোপ, নাসির আহমেদ, আশরাফ আহমেদ, ফরিদ কবির, হাসান মাহমুদ ও হেনরী স্বপন, গল্পকার পারভেজ হোসেন ও মনি হায়দার, সাহিত্য বাজার সম্মিলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক কাজল ঘোষ, জাতীয় কবিতা পরিষদ বরিশালের সাধারণ সম্পাদক পার্থ সারথি প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা পর্বের পর স্বরচিত কবিতা পাঠ করেন কবি আসলাম সানী, তপংকর চক্রবর্তী, গৌতম দাস, শাহীন লতিফ, মানস বিশ্বাস ও রবিউল ইসলাম। সন্ধ্যায় অশ্বিনীকুমার হলে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা জানানো হয় প্রবীণ বাচিকশিল্পী নিখিল সেন, কবি আসাদ চৌধুরী ও শিক্ষা উদ্যোক্তা মো. সিরাজুল ইসলামকে। সাহিত্য বাজার সাহিত্য পদক দেওয়া হয় কবি ও সংগঠক স্বাধীন চৌধুরীকে।