মনে রবে কিনা রবে আমারে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগ্ন হয়ে গল্প করছিলেন তাঁরা দুজন। প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞেস করলেন, ‘আমাদের কি আর দেখা হবে?’ তিনি গেয়ে ওঠেন, মনে রবে কিনা রবে আমারে...। এই তুই কি আমাকে মনে রাখবি? ভুলে যাবি না তো?’ প্রথমজন মো. আকমল হোসেন, দ্বিতীয়জন মো. হাসিম। পৃথিবীতে তাঁরা ৭০-৭২টি বসন্ত পার করেছেন। তবে সঠিক বয়স তাঁদের কারোরই জানা নেই। গতকাল শনিবার আগারগাঁওয়ের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান চত্বরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রবীণেরা এভাবেই নিজেদের মতো করে অন্য সঙ্গীদের সঙ্গে সময় কাটান। বৃষ্টিভেজা আবহাওয়ায় মনের দুয়ার খুলে দিয়ে তাঁরা মেতে ওঠেন পুরোনো দিনের গল্পে। কখনো সমবেত সংগীত, কখনো চায়ের সঙ্গে আড্ডা। প্রবীণ সংঘ প্রবীণদের চিত্তবিনোদন এবং ভাববিনিময়ের জন্যই এই প্রবীণ আড্ডার আয়োজন করে। আড্ডা চলতে থাকে আপনগতিতে। যখন যাঁর যা মনে হচ্ছে, তাই করছিলেন। এসবের ফাঁকে চলে ভাবের আদান-প্রদান। সাধারণত প্রবীণ আড্ডায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রবীণেরা জড়ো হলেও গতকাল বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেননি। তবে নরসিংদী, সাভার ও গাজীপুর থেকে কয়েকজন প্রবীণ বৃষ্টি উপেক্ষা করে এ আড্ডায় যোগ দেন। আড্ডার ফাঁকে চলতে থাকে আপ্যায়ন পর্ব। প্রবীণদের মধ্যে অনেকেই খাবার বিতরণের কাজ করেন। আড্ডার অপর অংশ ছিল আলোচনা সভা। সংঘের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠানের মহাসচিব এ এস এম আতীকুর রহমান জানান, দেশে বর্তমানে প্রবীণের সংখ্যা এক কোটি ২০ লাখ। ২০৫০ সাল নাগাদ দেশে শিশুর চেয়ে প্রবীণের সংখ্যাই বেশি হবে। কেউ বার্ধক্য এড়াতে পারবেন না, তা মনে রেখে প্রস্তুত থাকতে হবে সবাইকে।সরকারের বয়স্ক ভাতা মাসিক ৩০০ টাকা থেকে ৫০০ টাকা করা, ভাতাভোগীর সংখ্যা ৫০ লাখে উন্নীত করা এবং প্রবীণদের স্বাস্থ্যসেবায় সরকারের ৬৫ লাখ টাকা অনুদানের পরিমাণ পাঁচ কোটি বা কমপক্ষে দুই কোটি টাকা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান আতীকুর রহমান। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের কাছে প্রবীণ সংঘের অনুরোধসহ লিখিত বক্তব্য তুলে দেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, এ ধরনের উদ্যোগে দেশের প্রবীণদের মধ্যে আত্মবিশ্বাস জোগানো সম্ভব হয়। পরিবার, সমাজ ও দেশের প্রতি তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অধ্যাপক ম তামিম বলেন, প্রবীণদের কাছ থেকে শিখে নতুন প্রজন্ম পথ চলে। আর এখনো প্রবীণদের কাছ থেকে তাঁদের অভিজ্ঞতা নিয়ে, সেই অনুযায়ী কাজ করে দেশকে স্বনির্ভর করে তোলা সম্ভব বলে বিশ্বাস করেন তিনি।