মনে রাখতেই হবে তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারাজ আইয়াজ হোসেন
ফারাজ আইয়াজ হোসেন
অবিন্তা কবীর
অবিন্তা কবীর
ইশরাত আখন্দ
ইশরাত আখন্দ

আসমা বেগ সায়েম নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘আমি সত্যি ভাবতে চাই, নিবরাস নামের ওই যে হত্যাকারী ছেলেটি, অন্য কোনো একদিন, অন্য কোনো এক সময়ে, ইশরাত আখন্দকে ভালো না বেসেই পারত না। ইশরাত এ রকমই একজন মানুষ।’
ইশরাত আখন্দের ফেসবুক পাতায় গেলে আসলেই তাঁকে পছন্দ না করে উপায় নেই।
ইশরাতের বন্ধু নাদিয়া ইসলাম ফেসবুকে লিখেছেন প্রথম পরিচয় ও বন্ধুত্বের কথা। ‘ওনার সঙ্গে পরিচয়টা মজার। ওই দিন বন্ধু আরিফ হাফিজের একটা বুক-রিডিং ছিল। আমি গুলশানের রেড শিফটের বিল্ডিং-এ ঢুকতে যাচ্ছি, একজন দৌড়ে এসে বললেন, হোল্ড দ্যা লিফট-হোল্ড দ্যা লিফট প্লিজ! আমি লিফটের দরজা ধরলাম, তিনি আমাকে ধন্যবাদ জানিয়ে বললেন, আপনাকে কিন্তু আমি চিনি! আপনি লিখেন তো ফেসবুকে! তাই না?
‘আমি মাথা নেড়ে সায় জানালাম। লিফটে উঠতে উঠতেই আমাদের বিশাল খাতির হয়ে গেল। আরিফ হাফিজ আর মুনিজ মানসুর গম্ভীর গলায় বই থেকে পড়ছেন। ইশরাত ফিসফিস করে বললেন, চলেন, বিরিয়ানি খেতে যাই! আমার খুব স্টারের বিরিয়ানি আর বোরহানি খেতে ইচ্ছা করছে! ওদের ফিরনিটাও মারাত্মক!
‘তো গেলাম আমরা বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেলাম, কাবাব খেলাম, রোস্ট খেলাম, বোরহানি খেলাম। শেষমেশ ফিরনিও খেলাম। খাওয়া শেষে আমি নড়তে পারি না। উনি বললেন, চলেন, সুবরানা আপার ছবি দেখে আসি! গেলাম শামীম সুবরানার এক্সিবিশনে। সেখান থেকে আরেক মডার্ন আর্ট এক্সিবিশন। ওখানে গিয়ে ওনার মনে হলো আইসক্রিম খেতে যাওয়া যেতে পারে। আইসক্রিম পারলারে ঢুকে মনে হলো ফুচকা খাবেন। ফুচকা খাওয়া হলে বললেন, চল, আমার বাসায়। কফি খাওয়াব। তো এই হলো ইশরাত আখন্দ। ফুল অফ লাইফ, মাথা খারাপ, হাসিখুশি, আর্ট পাগল, ফুড পাগল, র্যা ন্ডম, এ্যাক্সেন্ট্রিক একটা মেয়ে।’
ইশরাত আখন্দ জেডএক্সওয়াইয়ের মানবসম্পদ বিভাগের পরিচালক। কাজ করেছেন বিজিএমইএ, ওয়েস্টিন হোটেল, গ্রামীণ ও ব্র্যাকনেটে। এ ছাড়া ছিলেন ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভসের উদ্যোক্তাদের একজন। এ ছাড়া ‘আই অ্যাম হ্যাপি, বিকজ’ নামের একটা দাতব্য কাউন্সেলিং কোর্স চালাতেন।
নাদিয়া ইসলাম ফেসবুকে এক ঝগড়ার কথাও লিখেছেন—‘একদিন আমাদের শ্রীলঙ্কান বন্ধু হারিকেশের সঙ্গে ইশরাত বিশাল ঝগড়া লাগিয়ে দিলেন। হারিকেশ বাংলাদেশের মৌলবাদ নিয়ে কিছু একটা বলছিল, তার উত্তরে ইশরাত বললেন, আমাদের যদি খারাপ কিছু থাকে, সেটা আমরা দেখব। তোমরা বিদেশিরা আমার দেশে বসে আমার দেশ নিয়ে খারাপ কথা বলবে, এসব ফাজলামীর মানে কী? টাকা তো কম নিচ্ছ না আমাদের কাছ থেকে, তাই না? এই দেশ ভালো না লাগলে নিজের দেশে ফেরত যাও না ক্যানো? আমার দেশের কোনটা খারাপ? হারিকেশ খুব ভয় পাওয়ার ভঙ্গি করে বলেছিল, না না, ক্ষমা চাই! তোমার দেশের সবই ভালো! এই যে তুমি কত সুন্দর!’
সবশেষে নাদিয়া লিখেছেন, ‘যখন জবাই করা হলো, ইশরাত তখন কী ভাবতেছিলেন? তখনো কি মনে মনে বলতেছিলেন, আমার দেশের মতো সুন্দর দেশ পৃথিবীতে আর একটাও নাই? চোখ দিয়ে সুন্দর দেশের জন্য এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছিল কি?’
ইউটিউবে চাইলে দেখে নিতে পারেন শান্তনু বিশ্বাসের খড়কুটো অ্যালবামের ‘নও কাছে নও দূরে’ গানটির মিউজিক ভিডিওটি। গানটির মডেল ইশরাত আখন্দ, যাকে ইউটিউব ছাড়া চলতে-ফিরতে আর কখনো দেখা যাবে না।
ইশরাত ছাড়াও ফেসবুকের পাতায় পাতায় এখন আরও আছেন অবিন্তা কবীর, তারুশি জৈন ও ফারাজ আইয়াজ হোসেন। এই তিন বন্ধুর গল্প, বন্ধুদের জন্য ফারাজ আইয়াজ হোসেনের আত্মত্যাগের গল্প। ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি ইউনিভার্সিটিতে পড়তেন। গ্রীষ্মের ছুটিতে এসেছিলেন ঢাকায়। একই ইউনিভার্সিটির ছাত্রী ঢাকার মেয়ে অবিন্তা কবীর। আর বার্কলে ইউনিভার্সিটিতে পড়তেন ভারতীয় তরুণী তারুশি জৈন। বাবার কর্মসূত্রে ঢাকায় ফারাজদের সঙ্গে একই স্কুলে পড়েছিলেন। এই তিন বন্ধু গিয়েছিলেন হলি আর্টিজান বেকারিতে। আর ফিরে আসেননি। ফারাজ বের হতে পারতেন, কিন্তু বন্ধুদের ছেড়ে আসতে চাননি, আসেনওনি।
অসংখ্যবার শেয়ার দেওয়া হয়েছে ফারাজের আত্মত্যাগের এই গল্প। বেশির ভাগ ফেসবুক ব্যবহারকারীই শেয়ার দিয়ে শিরোনাম দিয়েছেন ‘স্যালুট’। সাবরিনা মিতু নামের একজন লিখেছেন, ‘ফারাজ তুমি মরে গিয়ে বুঝালে এখনো মানবতা মরেনি। পশুত্বের কাছে মানবতা কখনো হার মানে না। স্যালুট তোমাকে... ভাই।’
বারকি জোডিয়াক নামের একজন লিখেছেন, ‘এইটা বাংলাদেশির সত্যিকারের পরিচয়! এরাই আমার বাংলাদেশ। এই দেশ আমার না বলে ইন্ডিয়ান এবং আমেরিকানকে মৃত্যুর মুখে রেখে নিজের জীবন বাঁচিয়ে চলে আসেন নি। ভালো থেকো ওপারে ফারাজ। স্যালুট তোমাকে, নিজের জীবন দিয়ে প্রমাণ করলে বাংলাদেশির সত্যিকারের পরিচয়।’
রাসেল আহমেদ লিখেছেন, ‘বন্ধুত্ব কাকে বলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন ফারাজ আইয়াজ হোসেন। এই মৃত্যুই তাকে বাঁচিয়ে রাখবে হাজার বছর ধরে, অগণিত মানুষের অন্তরে। হে মহান বন্ধু, স্যালুট তোমাকে।’
আফসারা আবিদার বোন (কাজিন) অবিন্তা কবীর। ঈদ করতে আসা অবিন্তাকে নিয়ে আফসারা কেবল একটি প্রশ্নই করেছেন ফেসবুকে—‘কি দোষ ছিল অবিন্তার? আমেরিকায় থাকত এটাই দোষ, নাকি ভালো বাঙলা পড়তে পারত না সেটি?’
সোহেল রানা লিখেছেন, ‘মা রুবা আহমদের সঙ্গে ঈদ করতে এসেছিল দেশে। সেই দিন বিকেলে দেখলাম মা এবং মেয়েকে উচ্ছল হাসিতে, রাতেই পাঠিয়ে দিল ওরা না ফেরার দেশে। মায়ের একমাত্র সন্তান, মেয়ের সঙ্গে ফোনে কথা না বলে যে মা কোনো রাতেই ঘুমাতে পারতেন না। এমনটিতো হওয়ার কথা ছিল না! কেন এমন হয়?’
ইশরাত, অবিন্তা, তারুশি আর ফারাজের ফেসবুক পাতায় গেলে এখন কেবল দেখা যাবে—‘রিমেম্বারিং’। ফেসবুক কর্তৃপক্ষ লিখে রেখেছে।