মনে হচ্ছে পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমত বলব সিটি করপোরেশন আইন-২০০৯-এর ১২-এর উপধারা (১) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। কিন্তু সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের দুই মেয়র দীর্ঘদিন কারাগারে থাকার পর উচ্চ আদালতের রায়ে গতকাল আবার কাজে যোগদান করতে গেলেন, ঠিক সেই মুহূর্তে মন্ত্রণালয় নির্বাহী আদেশে তাঁদের আবার সাময়িক বরখাস্ত করল। এখানে দেখে মনে হচ্ছে আইন প্রয়োগের কৌশল ও ধরন হয়েছে নাটকীয়তার মাধ্যমে। এটি কাকতালীয় নয়, মনে হচ্ছে পরিকল্পিত।
যেখানে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের কথা বলা হচ্ছে, কুমিল্লায় একটি ভালো নির্বাচন হলো, দেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন হচ্ছে, যেখানে সারা বিশ্বের সাংসদেরা আছেন। অথচ এমন একটি সময় এই সংবাদ সৃষ্টি করা হলো। আমার মনে হয় না সর্বোচ্চ রাজনৈতিক পর্যায় থেকে এমন সিদ্ধান্ত হয়েছে। এখন স্থানীয়ভাবে অনেকে মেয়র হতে চান। তাঁরা নির্বাচিত না হওয়ায় ভিন্নভাবে হতে চান। তাঁরা যদি মন্ত্রণালয়কে প্রভাবিত করে এটি করে থাকেন, তাহলে সেটি খুবই দুঃখজনক। মেয়র হচ্ছেন একটি মহানগরের নগরপিতা, সেই অর্থে তিনি প্রধান নাগরিক। সেখানে নির্বাচিত প্রধান নাগরিককে এভাবে হেনস্তা করা ওই প্রতিষ্ঠানকেই অবমাননা করা। এটা কোনো দলের জন্য নয়, প্রতিষ্ঠানের জন্যই ক্ষতিকর। আমার কাছে মনে হয়, এটা হঠকারী সিদ্ধান্ত।