‘দেশের মাটিতে পা রেখে অন্য রকম অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে, বিশ্ব জয় করে ফিরলাম।’নেপাল থেকে ঢাকা ফিরে কথাগুলো বলছিলেন এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি মোহাম্মদ আবদুল মুহিত (৪১)। গতকাল শনিবার বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় আসেন মুহিত। বিমানবন্দরে মুহিতের পরিবার, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) সদস্যসহ শুভার্থীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল বিকেল চারটা ৪০ মিনিটে মুহিত ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে পাঁচটার দিকে তিনি বেরিয়ে আসেন। প্রথমেই মুহিতের বাবা মনোয়ার হোসেন ছেলেকে ফুল দিয়ে বরণ করে নেন। মুহিতের বড় বোন জাকিয়া বেগম, ছোট ভাই মোহাম্মদ শরীফ, ছোট বোন রুবি, বেবীসহ পরিবারের সব সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। মুহিতের মেজ ভাই মোহাম্মদ মনির, মামা সারোয়ার আলম এবং বিএমটিসির সদ্য বিদায়ী সভাপদি ইনাম আল হক মুহিতের সঙ্গে নেপাল থেকে একই ফ্লাইটে ফেরেন। বিএমটিসি ছাড়াও নর্থ আলপাইন ক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এনএসিবির সাংগঠনিক সম্পাদক এম এইচ জায়েদীর নেতৃত্বে সদস্যরা ক্লাবের পক্ষ থেকে মুহিতের হাতে ফুলের তোড়া তুলে দেন। এই ক্লাবের সদস্য মুসা ইব্রাহীম গত বছরের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন। আর ২১ মে জয় করলেন মুহিত। বিমানবন্দর থেকে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা মুহিতের ইসলামপুরের বাসায় যান। সেখানে গ্রাম থেকে আসা মুহিতের স্বজন, প্রতিবেশী এবং ক্লাবের সদস্যরা মুহিতের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের গল্প শোনেন। মুহিতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুরে।মুহিত গত ৮ এপ্রিল এভারেস্ট জয়ের উদ্দেশ্যে নেপালে যান। দেড় মাস পর মুহিত আবার পরিবারের কাছে ফিরলেন। গত রাতে মুহিত প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন পর বাসায় এসে সবার সঙ্গে কথা বলছি। অনেক ভালো লাগছে। বিশেষ করে মায়ের হাতে লতি-চিংড়ি খাব। এটি আমার প্রিয় খাবার।’ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে মুহিত বলেন, ‘সেপ্টেম্বর-অক্টোবরে আবার পর্বত অভিযানে বের হব।’ এভারেস্ট জয়ের পর কোন পাহাড়ে যাবেন জানতে চাইলে মুহিত বলেন, ‘এভারেস্ট জয় মানে সর্বোচ্চ চূড়া জয়। কিন্তু আমি পর্বত অভিযান থেকে দূরে থাকতে চাই না। তবে কোন পর্বতে অভিযানে যাব, সেটি এখনই বলতে চাই না।’