এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে বলে মনে করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এবারের অবস্থা অতীতের যেকোনা সময়ের চেয়ে ভালো।
আজ শনিবার বেলা ১১টায় ঈদযাত্রা পরিস্থিতি দেখতে রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল পরিদর্শনে এসে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘এবারের অবস্থা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। এমনকি গাজীপুরের যেসব এলাকায় সংকট হতো, সেখানেও গাড়ি চলাচল করছে। সারা দেশেই সড়ক, মহাসড়ক প্রস্তুত আছে। আমার তো মনে হয়, এবার স্বস্তিতেই কাটবে।’
অতিরিক্ত ভাড়া আদায় করায় গতকাল চারটি বাসকে জরিমানা করা হয়েছে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। আজও কিছু যানবাহন বাড়তি ভাড়া নিচ্ছে—এ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঠিক আছে। আমি অবিশ্বাস করছি না, হতে পারে।’ অভিযোগটি খতিয়ে দেখার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।
মহাখালী বাস টার্মিনালের বাস সড়কে বিশৃঙ্খল অবস্থায় রাখায় যানজটের সৃষ্টি হয়—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এখানে মালিকপক্ষ, পরিবহন নেতারা আছেন। তাঁরাও বিষয়টি শুনেছেন। আশা করি, ভবিষ্যতে এখানে গাড়ির শৃঙ্খলা আসবে।
আজ দুপুর পর্যন্ত সড়কপথে ঈদযাত্রা অনেকটা স্বাভাবিক রয়েছে। উত্তরের পথে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।