মনে হয় না ইসি পিছিয়েছে : সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।

ভোট গ্রহণ শেষে আজ শনিবার বিকেলে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন কাজী রকিবউদ্দীন আহমদ। তৃতীয় ধাপের নির্বাচনের তুলনায় চতুর্থ ধাপে এসে নির্বাচন কমিশন পিছিয়েছে না এগিয়েছে, জানতে চাইলে সিইসি এ কথা বলেন।
প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন কিছুটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছিল। তৃতীয় ধাপে ভোট গ্রহণ চলাকালে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। ওই দিনের ভোট গ্রহণ শেষে সিইসি বলেছিলেন, সামনের ধাপগুলোতে নির্বাচনী সহিংসতা শূন্যের কোটায় নিয়ে আসা হবে।
কিন্তু আজকের নির্বাচনে সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে সিইসি বলেন, কমিশন নির্লিপ্ত নয়। আজও গণমাধ্যম ও মাঠ কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। ৭০৩ ইউনিয়নের ৬ হাজার ৭২৭টি কেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে আরও কেন্দ্র বন্ধ করা হবে। কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে ৭৯ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সামনের ধাপগুলোতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কাজী রকিবউদ্দীন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। সামনের দুই ধাপে আরও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশা করা যায়। সংঘাত ও হতাহত হওয়ার ঘটনায় মামলা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন কোনো ধরনের অনিয়ম বরদাশত করবে না।

৫১ কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ
ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট পেপার ছিনতাই ইত্যাদি কারণে নির্বাচন কমিশন ৫১টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছে।
প্রথম ধাপে সাতক্ষীরাসহ একাধিক জায়গায় ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটলেও দ্বিতীয় ও তৃতীয় ধাপে এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু কুমিল্লার কয়েকটি ইউনিয়নে রাতের বেলায় কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেছে।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাতে দুষ্কৃতকারীরা কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও দাখিল মাদ্রাসা কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারে। চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নে যোগীরহাট মাদ্রাসা কেন্দ্র রাতের বেলায় দখল করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের প্রতীকে সিল মারা হয়।