
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। রাত নয়টায় তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসস ও ইউএনবির।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা মমতাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতার এটাই প্রথম বাংলাদেশ সফর।
ঢাকায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘মনে হয় নিজের দেশেই এসেিছ। দুই বাংলার সম্পর্ক অনেক গভীর করতেই এই সফরে এসেিছ।’ মমতা বলেন, দুই বাংলার সম্পর্ক অনেক পুরোনো। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও জোরদার হবে।’
মমতার সফরসঙ্গী হিসেবে এসেছেন চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা প্রসেনজিৎ, দেব, কণ্ঠশিল্পী নচিকেতা ঘোষ প্রমুখ।
মমতার সফর প্রসঙ্গে দায়িত্বশীল একজন কূটনীতিক প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রিত অতিথি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢাকায় আসছেন। তিনি আমাদের অতিথি। অমীমাংসিত সব সমস্যার বিষয় এলেও সম্পর্ক নিবিড় করাতে গুরুত্ব থাকবে।’
বাংলাদেশের কূটনীতিকেরা মনে করেন, মমতার বাংলাদেশ সফরে স্পষ্ট হচ্ছে, তিস্তা ও স্থলসীমান্তের বিষয়ে তাঁর অবস্থান পাল্টেছে।
ঢাকার উদ্দেশে কলকাতা ছাড়ার আগে মমতাকে ফোন করে শুভকামনা জানান কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
পশ্চিমবঙ্গের বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা তাঁর ঢাকা সফরকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে আমি এখন কিছুই বলব না।’ তবে ছিটমহল বিনিময় প্রশ্নে মমতা তাঁর ইতিবাচক অবস্থার কথা জানান।
কলকাতা প্রতিনিধি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি বিদেশ যেতে বেশি পছন্দ করি না। কিন্তু সিঙ্গাপুর গিয়েছি অর্থের টানে, আর ঢাকা যাচ্ছি প্রাণের টানে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে গতকাল কলকাতার জওহরলাল নেহরু সড়কে এম পি বিড়লা তারা মণ্ডল ভবনের উল্টোদিকে ভাষাশহীদ স্মারকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মমতা। এ সময় তিনি এ কথা বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আসনে বসিয়েছে।
কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর পরিকল্পনায় গড়ে তোলা হবে এই ভাষাশহীদ স্মারক। এক বছরের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন হবে। আগামী বছরের ২১ ফেব্রুয়ারি থেকে এখানে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্বাগত ভাষণ দেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।