মনের আলোয় পরীক্ষার টেবিলে শ্রাবণীরা
চোখের আলো নেই, তাতে কী! মনের জোরেই এত দূর এসেছে শ্রাবণী বসাক। চট্টগ্রামের পটিয়ার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে। শ্রাবণী একা নয়, তার ছোট দুই ভাই বিশ্বজিৎ ও সুরঞ্জিত বসাকও এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে বিশ্বজিৎ দৃষ্টিপ্রতিবন্ধী। সে পরীক্ষা দিচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে।
ছোটবেলায় দৃষ্টিশক্তি হারানো ভাইবোন পরীক্ষা দিচ্ছে শ্রুতলেখকের সাহায্যে। দুই ভাই ও এক বোনের মধ্যে শ্রাবণী সবার বড়। ছোট ভাই সুরঞ্জিত বসাকের অবশ্য শারীরিক সমস্যা নেই। সে পটিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবার। তাদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
শ্রাবণীর পরীক্ষার কেন্দ্র পড়েছে পটিয়া সরকারি কলেজে। দশম শ্রেণির ছাত্রী স্মৃতি দাশকে শ্রুতলেখক হিসেবে নিয়েছে সে।
গতকাল রোববার শ্রাবণী যখন পরীক্ষা দিচ্ছিল তখন তার মা সীমা বসাক কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, বিশ্বজিৎ জন্মের কিছুদিনের মধ্যে দৃষ্টি হারায়। আর শ্রাবণীর চোখের আলো ক্ষীণ হয়ে আসে পাঁচ বছর বয়স থেকে। অভাব-অনটনের মধ্যেই চলে তাঁদের সংসার। ভাইদের সহযোগিতায় ছেলেমেয়েদের পড়ালেখা চালাচ্ছেন তিনি।
পরীক্ষা শেষে শ্রাবণী বসাক বলে, পড়ালেখা শেষ করে চাকরি করার স্বপ্ন দেখে সে।
পটিয়া সরকারি কলেজ পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে শ্রাবণীকে শ্রুতলেখকের সাহায্যে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে। বোর্ডের নিয়মানুযায়ী তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার চট্টগ্রাম বোর্ড থেকে ১২ জন শারীরিক ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।