মনের আলো জ্বালিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী তিনি। ছবি:আসাদুজ্জামান
মোশাররফ হোসেন মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী তিনি। ছবি:আসাদুজ্জামান

চার বছর বয়সে টাইফয়েড জ্বরে তাঁর চোখের আলো নিভে যায়। কিন্তু মনের আলো জ্বালিয়ে জীবনের এতটা পথ পাড়ি দিয়েছেন তিনি। তাঁর নাম মো. মোশাররফ হোসেন মজুমদার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী তিনি। প্রায় প্রতিদিনই তিনি আদালতে এসে মামলার শুনানিতে অংশ নেন। 

প্রথম শ্রেণিতে ভর্তির আগেই শিশুপুত্রের আকস্মিক এই পরিণতিতে চরম উদ্বিগ্ন ছিল পরিবার। এ সময়েও মোশাররফের বাবাকে কটাক্ষ করতে ছাড়েনি প্রতিবেশীরা।
প্রতিবেশীরা বলতেন, ‘ছেলে তো অন্ধ। তাঁকে দিয়ে কিছু হবে না।’
আর বাবা তাঁদের উদ্দেশে বলতেন, ‘তাঁর এই ছেলেকে দিয়ে সব হবে।’
বাবার এমন কথা ছিল মোশাররফের কাছে অনুপ্রেরণা। মনে করতেন ‘বেদবাক্য’। বাবার কথা তিনি অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন।
মোশাররফ হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দেড়পাড়া গ্রামে। তাঁর স্ত্রী শামসুন্নাহার ঢাকার একটি কলেজের অধ্যাপনা করেন। তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।
আইন ব্যবসার শুরুর জীবন তাঁর মোটেও সুখকর ছিল না। অনেক আইনজীবী বন্ধু তাঁর মক্কেল ভাগিয়ে নিতেন। মক্কেলদের ওই সব আইনজীবী বলতেন, ‘উনি তো অন্ধ। উনি আপনার মামলায় কীভাবে জেতাবেন?’
আইন ব্যবসার শুরুর জীবন নিয়ে মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘তখন আমার সেই সব আইনজীবী বন্ধুর আচরণে কষ্ট পেতাম কিন্তু হতাশ হতাম না। এই ভেবে তাঁদের ক্ষমা করতাম, আমার সম্পর্কে হয়তো তাঁদের ধারণা নেই।’
মোশাররফ হোসেন কেবল আইন ব্যবসায় জড়িত নন। ১৯৮৫ সাল থেকে তিনি ঢাকার সেন্ট্রাল ‘ল’ কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের আইন পরামর্শক হিসেবে কাজ করেন। তিনি বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। বন্ধুদের মধ্যে তিনজন বর্তমানে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও অনেক বন্ধু আছেন, যাঁরা বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তাঁর চেম্বারে বর্তমানে প্রায় ৪০০ মামলা রয়েছে। এর মধ্যে ২০০ মামলায় হাইকোর্ট ও আপিল বিভাগে। বাকি মামলাগুলো ঢাকার নিম্ন আদালতে বিচারাধীন। মোশাররফ হোসেনের ১০ জন জুনিয়র আইনজীবী রয়েছেন; যাঁরা তাঁকে সার্বক্ষণিক বিভিন্ন সহযোগিতা করে থাকেন। মামলা পরিচালনা করার ব্যাপারে তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য। সব সময় পাশে থাকেন, তাঁর এমন একজন জুনিয়র সিরাজুল ইসলাম দেওয়ান। যিনি একসময় তাঁর ছাত্রও ছিলেন। সিরাজুল দেওয়ান বললেন, ‘স্যার অনেক ভালো মানুষ। কয়েক বছর ধরে স্যারের সঙ্গে আছি। স্যারের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি।’
মামলা পরিচালনার ব্যাপারে মোশাররফ হোসেন বলেন, প্রতিদিন মামলার নথিপত্র পড়াশোনা করেন। পরে তাঁর জুনিয়রদের নিয়ে চেম্বারে বসেন। জুনিয়ররা তাঁকে পড়ে শোনান। পরে তিনি নিজের ডায়েরিতে নোট করেন। পরে আদালতে হাজির হয়ে আইনি যুক্তি উপস্থাপন করেন।
মোশাররফ হোসেনের বাবার নাম তোফাজ্জল হোসেন। সব সময় তিনি তাঁর বাবাকে স্মরণ করেন। কারণ, তিনি মনে করেন, তাঁর বাবার উৎসাহ ও সহযোগীয় তাঁকে এত দূর নিয়ে এসেছে। যাঁরা আমাকে নিয়ে হতাশার কথা বলতেন, তাঁদের উদ্দেশে বাবা বলতেন, ‘আমার যতগুলো ছেলেমেয়ে আছে, তাঁর মধ্যে আমার এ ছেলে সবচেয়ে ভালো করবে।’
মোশাররফ বললেন, সমাজে প্রতিবন্ধীদের নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের ধারণা, প্রতিবন্ধী হলে তাঁরা অন্যদের মতো কাজ করতে পারবেন না। এই মনোভাবের পরিবর্তন হওয়াটা সবার আগে জরুরি। বিশেষ করে পরিবারের মধ্যে। তাঁর আক্ষেপ, তিন বছর আগে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাস হলেও তাঁর কোনো বাস্তবায়ন নেই। তাঁর দাবি, প্রতিবন্ধীদের উন্নয়নে দেশে প্রতিবন্ধিতা উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হোক।
পেশাগত জীবনে খ্যাতিমান আইনজীবীদের তিনি আদর্শ হিসেবে মনে করেন। মানুষের জন্য কিছু করতে পারাটাই তাঁর জীবনের সরল দর্শন। একই সঙ্গে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে জীবন পরিচালনা করাই তাঁর আদর্শ।
মোশাররফ হোসেনের মক্কেল জামাল নাসের বললেন, মোশাররফ হোসেন দৃষ্টিপ্রতিবন্ধী হতে পারেন। কিন্তু তিনি একজন দক্ষ আইনজীবী। একটি পারিবারিক মামলায় তিনি তাঁর আইনজীবী ছিলেন। সেই মামলায় তিনি জিতেছেন। খুব ভালো মনের মানুষ তিনি। কথা দিয়ে কথা রাখেন।

তাঁর সম্পর্কে
আইনজীবী মোশাররফ হোসেন সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘মনের জোর থাকলে কাউকে যে আটকে রাখা যায় না, মোশাররফ হোসেন তাঁর উজ্জ্বল দৃষ্টান্ত।’
বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি (ভাইস চেয়ারম্যান) জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, ‘একজন দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ার পরেও তিনি হাইকোর্ট ও আপিল বিভাগে ওকালতি করছেন, এটা বিরল ঘটনা। যাঁরা দৃষ্টিপ্রতিবন্ধী আছেন, তাঁদের জন্য মোশাররফ হোসেন দৃষ্টান্ত। তাঁর সফলতা উদাহরণ হিসেবে থাকবে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, প্রতিবন্ধী হয়েও মোশাররফ হোসেন আপিল বিভাগে মামলা পরিচালনা করছেন। নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে এ পর্যায়ে এসেছেন তিনি।