মনের ক্ষুধা মেটাতে আরও বেশি সংস্কৃতি চর্চা করুন: প্রধানমন্ত্রী

মনের ক্ষুধা মেটাতে আরও বেশি সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের কেবল পেট পুরলেই হবে না, মনের চাহিদা মেটানোর ওপরও গুরুত্ব দিতে হবে। এ জন্য বেশি বেশি সংস্কৃতি চর্চা করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তবে অপসংস্কৃতি যেন আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর চেপে না বসে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এটাই চিরায়ত যে সংস্কৃতি ও সাহিত্যচর্চা বিনোদনেরও খোরাক জোগায়। কিন্তু এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যে, অপসংস্কৃতি যেন আমাদের গ্রাস না করে।’ খবর বাসসের।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর স্বাগত বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, মন্ত্রণালয়ের সচিব রণজিত কুমার বিশ্বাস ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের লক্ষ্য বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের পরিচয় ও স্বকীয়তা তুলে ধরা। এ জন্য সরকার জাতির আত্মপরিচয় সমুন্নত রাখতে ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সংস্কৃতি বিকাশের ওপর গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, এ দেশের মানুষ সংস্কৃতিমনা। এখন সংস্কৃতির ওপর গবেষণার পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মের সামনে বাঙালি জাতীয়তাবাদের পরিচয়, সংস্কৃতি ও সাহিত্য তুলে ধরতে হবে।
শেখ হাসিনা আরও বলেন, ‘সংস্কৃতি ও শিক্ষার ওপর নির্ভর করে একটি জাতির পরিচয় ও স্বকীয়তা। কেবল ব্যাপক সংস্কৃতি চর্চার মাধ্যমে একটি জাতি আর্থসামাজিকভাবে উন্নত হয়। আমাদের দেশ গড়তে হবে। আমরা বিজয়ী জাতি, আমরা পরাজিত শক্তির আদর্শ নিয়ে চলতে পারি না। দেশের ইতিহাস সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।’
ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের প্রেক্ষাপটে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে সময়োপযোগী পদোক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পথ চলতে হবে।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে অর্থাৎ ১৯৯৬-২০০১ সালের মধ্যে সংস্কৃতির ক্ষেত্রে ১৮৭টি প্রকল্প নেওয়া হয়। ৩৬ জেলা ও ছয়টি উপজেলায় শিল্পকলা একাডেমীর শাখা প্রতিষ্ঠা, সম্প্রসারণ ও সংস্কার করা হয়। এ ছাড়া বেসরকারি ৯১৭ লাইব্রেরিকে ৪৫৪ দশমিক ৫০ কোটি টাকার আর্থিক ও গ্রন্থ সহায়তা দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী।
ভারতের মধ্য দিয়ে ট্রানজিট চেয়েছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণের লক্ষ্যে নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপনে ভারতের মধ্য দিয়ে ট্রানজিট চেয়েছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন শশী থারুর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানানো হয়। খবর বাসসের।