মনের ক্ষুধাও মেটাতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের পুরোনো ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। নতুনের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। নতুনদের সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে হবে। নতুনদের আকৃষ্ট করতে হলে যুগোপযোগী পদক্ষেপ নিতে হবে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এখন নতুন অনেক প্রযুক্তি এসেছে। সবকিছুই এখন ডিজিটাল। আমাদের সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও পৃথিবী এগিয়ে যাচ্ছে। পুরোনো ঐতিহ্য আমাদের সংরক্ষণ করতে হবে। কিন্তু আমরা শুধু কি পুরোনো জিনিস ধরে রাখব? এ চিন্তা আমাদের এগোতে দেবে না। নইলে সেই “জলসা ঘরের” মতো আস্তে আস্তে সব ধসে ধসে পড়ে যাবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্যগুলোকে সংরক্ষণ করেই আমাদের আধুনিকায়নের দিকে যেতে হবে। প্রযুক্তি ব্যবহারের দিকে যেতে হবে। কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবপোর্টাল ব্যবহার করছে আমাদের ছেয়েমেয়েরা। এসব প্রযুক্তির মাধ্যমে ছেলেমেয়েদের কাছে সংস্কৃতিকে সহজে পৌঁছে দিতে হবে। তাদের জন্য সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’
সাংস্কৃতিক গবেষণার ওপর জোর দিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশজ সংস্কৃতিকে রক্ষা করতে হবে। দেশজ সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। কিন্তু শুধু পেটের ক্ষুধা মেটালে হবে না। মনের ক্ষুধাও মেটাতে হবে। সংস্কৃতি সাহিত্যচর্চা মানুষের মনের খোরাক জোগায়। সংস্কৃতিচর্চা মানুষের মনকে আরও বিকশিত করে।
সংস্কৃতির বিকাশে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা মানুষের পেটে খাবার নিশ্চিত করতে পেরেছি। এখন আর খাদ্যের জন্য হাহাকার নেই। আমরা মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা সাংস্কৃতিক বিকাশের লক্ষ্য নিয়েও কাজ করে যাচ্ছি।’
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকেও ধরে রাখতে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এসব সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।’ সংস্কৃতি একটি জাতির অস্তিত্বকে ধরে রাখে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পল্লীকবি জসীম উদদীনসহ কবি-সাহিত্যিকদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নজরুলের বিদ্রোহী কবিতা সব সময় আমাকে অনুপ্রেরণা দেয়। আমরা যে জয় বাংলা স্লোগান বলি, এটা তো নজরুলের। এটা হয়তো অনেকে জানে না।’ সাংস্কৃতিক ঐহিত্য সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মন্ত্রণালয়ের সচিব রনজিৎ বিশ্বাস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।