মনের জোরে এগিয়ে চলা
জন্ম থেকেই পা দুটি উল্টো। বাঁকা ও সরু। দুই হাত দিয়ে তাই চলতে হয়। পায়ে জোর নেই তো কী হয়েছে, তার মনের জোর আছে শতভাগ। এ জন্য বাড়ি থেকে দুই কিলোমিটার পথ হামাগুড়ি দিয়ে এ বছর জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা দিচ্ছে তমালিকা খাতুন।
তমালিকার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে। রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছে। বাবা সেকেন্দার আলী অন্যের জমি চাষ করেন। জমিজমা বলতে আছে মাত্র ১০ শতক বসতভিটা।
তমালিকার পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর ধরে সে হামাগুড়ি দিয়ে এবং ভাইয়ের সাহায্যে বিদ্যালয়ে যাচ্ছে। ২০০৭ সালে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় অংশ নেয় তমালিকা। সেবার ৩ দশমিক ৬৫ পেয়ে সে কৃতকার্য হয়। ২০০৮ সালে তমালিকা রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তখন সে লেখাপড়ার খরচ জোগাতে বাড়িতে বসে টুপি সেলাই করেছে। এ কারণে চার বছর তার লেখাপড়া বন্ধ ছিল। অবশেষে এ বছর আবারও মাদ্রাসায় ভর্তি হয়ে সে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে।
তমালিকার বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, তমালিকার সমবয়সী অন্য সব ছেলেমেয়ে যখন রোজ বিদ্যালয়ে যেত, তখন সে কান্নাকাটি করত। কিন্তু স্কুলে যাওয়ার সামর্থ্য ছিল না তার। এদিকে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় এক কিলোমিটার। তমালিকার ইচ্ছাশক্তি দেখে তিনি নিজের কাজ বন্ধ করে কখনো কোলে করে আবার কখনো সাইকেলে বিদ্যালয়ে দিয়ে আসেন।
গতকাল মঙ্গলবার পরীক্ষা শুরুর আগে ধুনট মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা হয় তমালিকা খাতুনের সঙ্গে। এ সময় তমালিকা বলে, লেখাপড়া শিখে সে চিকিৎসক হতে চায়। কারণ, বিনা চিকিৎসায় ছোটবেলায় তার মাকে হারাতে হয়েছে। আর কেউ যেন এভাবে বিনা চিকিৎসায় মারা না যান।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার সুপার আবদুল হামিদ বলেন, তমালিকা মেধাবী। আর্থিক অসচ্ছলতার কারণে চার বছর লেখাপড়া করতে পারেনি। তার বই-খাতাসহ যাবতীয় উপকরণ মাদ্রাসা থেকে সরবরাহ করা হয়। এবার তার জেডিসি পরীক্ষার ফরম পূরণ করতে টাকা নেওয়া হয়নি।