মনের জোরে এগোচ্ছে ওরা
দেখে মনে হয় না মেয়েটি শারীরিক প্রতিবন্ধী। হাত-পা স্বাভাবিক হলেও জোর নেই। কোনোরকমে বাঁ হাতে লিখতে পারে। এমন প্রতিবন্ধকতা নিয়ে বাবার কোলে চেপে কেন্দ্রে এসে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে সে। তার নাম নাইছ খাতুন ওরফে হাসি (১৩)। সে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা গ্রামের মেয়ে।
তানিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী পূর্ব চন্দ্রখানা উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। জন্ম থেকেই তার হাতের দুটি কবজি নেই। তার পরও অন্যদের সঙ্গে সমানতালে এগিয়ে যাচ্ছে সে। দুই হাতে লেখে বলে হাতের লেখা অসুন্দর নয়। তার এগিয়ে যাওয়ার মনোবল দেখে অবাক হন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীরা।
ধুনট উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয় থেকে চলতি জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া নাইছ খাতুনের বাবার নাম নজরুল ইসলাম। গত মঙ্গলবার সকালে ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নজরুল মেয়েকে কোলে করে পরীক্ষাকেন্দ্রে নিয়ে একটি কক্ষে বেঞ্চে বসাচ্ছেন। পরীক্ষা শুরুর পর মেয়েটি বাঁ হাতে লেখা শুরু করে। তিন ঘণ্টা পরীক্ষার পর আবারও বাবা তাকে কোলে করে বাড়ি নিয়ে যান।
নজরুল ইসলাম বলেন, তিনি এইচএসসি ও তাঁর স্ত্রী আকতার জাহান এসএসসি পাস। তাঁরা বেকার। পৈতৃক ৪০ শতক জমি চাষ করে তাঁদের সংসার চলে। এর মধ্যে থেকে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালানো অনেক কষ্টের। তার পরও জীবন থেমে নেই। প্রতিবন্ধী মেয়ের জীবনের কথা চিন্তা করেই সব কষ্ট বুকে চেপে এগিয়ে যাচ্ছেন তাঁরা।
মা আকতার জাহান বলেন, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। প্রতিদিন মেয়েকে কোলে নিয়ে ওই পথ হেঁটে যাওয়া-আসা অনেক কষ্টের। তবে মেয়ের লেখাপড়ার ইচ্ছা দেখে সব দুঃখ ভুলে থাকেন।
নাইছ খাতুন বলে, ‘মনোবল আর একটি হাতের শক্তি নিয়েই শিক্ষাজীবন শুরু করেছি। আমি কারও মাথায় বোঝা হয়ে থাকতে চাই না। লেখাপড়া শিখে ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে চাই।’
ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছে তানিয়া। মঙ্গলবার কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই হাতে কলম ধরে অন্য সহপাঠীদের সঙ্গে তাল মিলিয়ে লিখছে সে। মাঝেমধ্যে কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও শিক্ষকেরা তাকে দেখে যাচ্ছেন। কেন্দ্রসচিব ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র সেন বলেন, ‘তানিয়াকে সরকারি ঘোষণা অনুযায়ী পরীক্ষায় নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট দেওয়া হচ্ছে। ওর হাতের লেখা দেখে অবাক হয়েছি।’
তানিয়ার বাড়ি ফুলবাড়ী সদর ইউনিয়নের নাগদাহ গ্রামে। বাবা তোফাজ্জল হোসেন বিমাকর্মী, মা মর্জিনা বেগম গৃহিণী। ৫ শতক জমির বসতভিটা ছাড়া কিছুই নেই।
তোফাজ্জল হোসেন বলেন, ‘তানিয়া আমাদের একমাত্র সন্তান। জন্ম থেকে সে প্রতিবন্ধী। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে লেখাপড়ার প্রতি তার আগ্রহ ও মেধা দেখে অবাক হয়েছি। তখনই সিদ্ধান্ত নিই, যত কষ্টই হোক মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব।’