মনের জোরে এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পা নেই। কাঠের দুটি পিঁড়ি তার চলাচলের অবলম্বন। এই পিঁড়ির ওপর দুই হাত দিয়ে ভর করে ১০টি বছর বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে অবশেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এই জন্ম প্রতিবন্ধী শিক্ষার্থী।
এই শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম ওরফে জনি। বাবা মোখলেছুর রহমান দিনমজুর ছিলেন। এক বছর আগে তিনি মারা গেছেন। মা কাজুলি বেগম। অন্যের কাঁথা সেলাই করেন। একমাত্র বড় ভাই রনি (২০)। অভাবের সংসার চালাতে গিয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে এখন হোটেলশ্রমিকের কাজ করছেন। একসময় তাঁদের বাড়ি ছিল ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনয়নের বৈশাখী গ্রামে। সেখানে তাঁরা যমুনার ভাঙনের কবলে পড়ে জমিজমা, বসতবাড়ি হারিয়ে চৌবেড় গ্রামে আশ্রয় নেন। সেখানেও ভাঙনের কবলে পড়ে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধে বসবাস করেন। এভাবে চারবার নদীভাঙনের শিকার হয়ে ১২ বছর আগে একই ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামে চার শতক জমি কিনে সেখানে তাঁরা বসবাস করছেন।
আতিকুল ইসলামের জন্ম থেকে দুটি পা নেই। বাড়ি থেকে গোশাইবাড়ী এ এ উচ্চবিদ্যালয়ের দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার। প্রতিদিন তাকে একাই এই পথে যাতায়াত করতে হয়েছে। অভাবের সংসারে লেখাপড়ার খরচ জোগাতে না পেরে অষ্টম শ্রেণি পাস করার পর লেখাপড়া ছেড়ে কাঠমিস্ত্রির কাজে যোগ দেয় আতিকুল ইসলাম। এ কারণে দুই বছর পড়াশোনা করতে পারেনি। পরে সে বাড়ির পাশে গোশাইবাড়ী আবদুল ওয়াদুদ মাধ্যমিক কারিগরি ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হয়। সেখানে দুই বছর লেখাপড়া করে অবশেষে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় ধুনট ডিগ্রি কলেজ পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায়, আতিকুল ইসলাম বেঞ্চে বসে পরীক্ষার খাতায় উত্তর লিখছে। পরীক্ষা শেষে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার জন্ম থেকেই দুটি পা নেই। ছোটবেলা বাবা-মা আমাকে কোলে-কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াত। বড় হয়ে দুটি কাঠের সাহায্যে হাতের ওপর ভর করে চলাচল করছি। পা নেই তাতে কী হয়েছে, দুটি হাতে সৃষ্টিকর্তা আমাকে অনেক শক্তি দিয়েছেন। এই শক্তি ও মনের জোরে আমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। বাকিটুকুও পার হইব। আমি কারও কাঁধের বোঝা হয়ে থাকতে চাই না। তাই লেখাপড়া শিখে একজন শিক্ষক হয়ে চাকরি করে বাকি জীবন চলতে চাই।’
কাজুলি বেগম বলেন, ‘চারবার ভাঙনের পর হব হাইরা এহেনে অল্প খানেক জমিন কিনা থাকুনছে। হে (স্বামী) মারা যাওনের পর থাইকা পলাডারে লেহাপড়ার করন লাইগা অন্য মানষের খেতা হেলাই করবানছি।’