মনের জোরে ভালো ফল করেছে প্রতিবন্ধী নাইছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধ আছে, সাধ্য নেই। তাতে কী, মনোবল তো আছে। তাই তো বাবার কোলে চড়ে এসে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল শারীরিক প্রতিবন্ধী নাইছ খাতুন ওরফে হাসি (১৩)। ফলও ভালো হয়েছে। পেয়েছে জিপিএ-৩ দশমিক ৭
নাইছ খাতুন বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা-বহালগাছা উচ্চবিদ্যালয় থেকে এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয়। সে উপজেলার বহালগাছা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
এর আগে গত ১৫ নভেম্বর নাইছ খাতুন ও কুড়িগ্রামের ফুলবাড়ীর তানিয়াকে নিয়ে প্রথম আলোর বিশাল বাংলায় ‘মনের জোরে এগোচ্ছে ওরা’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
নাইছের পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নাইছ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। দূর থেকে তাকে প্রতিবন্ধী বোঝার কোনো উপায় নেই। তার দুই পা আছে, তবে কোনো শক্তি নেই। তাই সে দাঁড়াতে বা হাঁটতে পারে না। তার ডান হাতটিও কাজ করে না। শুধু বসে থাকতে ও হাত দিয়ে কলম ধরে লিখতে পারে। আট বছর ধরে বাবা ও মার কোলে চড়ে লেখাপড়ার জন্য তাকে আসতে হয়েছে বিদ্যালয়ে। কিন্তু তাতে কী হয়েছে, থেমে নেই নাইছের জীবন।
মনোবল ও বা হাতের শক্তি দিয়েই প্রতিবন্ধকতাকে জয় করতেই এবার জেএসসি পরীক্ষায় অংশ নেয় নাইছ খাতুন।
মা আকতার জাহান বলেন, ‘আটটি বছর ধরে প্রতিদিন দেড় কিলোমিটার রাস্তা মেয়েকে কুলে তুলে নিয়ে বিদ্যালয় গিয়েছি। মেয়ে পরীক্ষায় ভালো ফল করায় সব দুঃখ ভুলে গেছি। আমরা মেয়ের ভবিষ্যতের জন্য আরও কষ্ট করতে চাই।’
নাইছ খাতুন প্রথম আলোকে বলে, ‘ইচ্ছা থাকলে উপায় হয়, শরীরে শক্তি নেই, তাই কী। মনোবল আর একটি হাতের শক্তি নিয়েই শিক্ষাজীবন শুরু করেছি। আমি কারও মাথায় বোঝা হয়ে থাকতে চাই না। লেখাপড়া শিখে ভবিষ্যতে আদর্শ শিক্ষক হতে চাই।’